বরিশালে পাপিয়া হত্যার বিচার দাবিতে সভা, বৃহস্পতিবার মানববন্ধন
উন্নয়ন সংস্থা সিডা কর্মকর্তা অ্যাডভোকেট পাপিয়া হত্যার বিচারের দাবিতে বুধবার বরিশাল সামাজিক উদ্যোক্তা পরিষদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভা থেকে সর্বসম্মতভাবে বৃহস্পতিবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে পাপিয়া হত্যার বিচার ও তার ঘাতক স্বামী তুহিনকে গ্রেপ্তারের দাবিতে ১৩ নভেম্বর রোববার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়।
বরিশাল সামাজিক উদ্যোক্তা পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ আমিনুল হকের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার জোটের ডা. সৈয়দ হাবিবুর রহমান, ড. কাজল ঘোষ, রাজনীতিক হিরন কুমার দাস মিঠু, অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, একে আজাদ, বরিশাল রিপোর্টাস ইউনিটির মীর মনিরুজ্জামান, সাংবাদিক সুনীল বরণ হালদার, বিএনডিএন’র রনজিৎ দাস, মোশরেফা মিলি প্রমুখ।
এদিকে পাপিয়া হত্যার বিচারের দাবি জানিয়ে বরিশালের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিবৃতি দিয়েছে।
কানাডীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিডার কর্মকর্তা পাপিয়া ৩ নভেম্বর ঈদের ছুটিতে বরিশালে স্বামীর বাড়ি বেড়াতে এসে খুন হন। এ ব্যাপারে বরিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
