২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গা কবলিত উত্তরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন শেখ হাসিনা

সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দেশের বন্যা এবং মঙ্গা কবলিত উত্তরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

একই সাথে তিনি এ এলাকায় মঙ্গা আক্রান্ত লোকজনের জন্যে পর্যাপ্ত সাহায্য পাঠানোর এবং কৃষি ঋণসহ এবং অন্যান্য ঋণ দেওয়ার আহ্বান জানান।

কুড়িগ্রামের মীরবাগ এলাকায় বিশাল এক জনসভায় বুধবার শেখ হাসিনা এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সরকার উত্তরাঞ্চলের মঙ্গা এলাকার জনগণের দুর্ভোগের প্রতি কোন নজর না দিয়ে ত্রাণ লুটপাটে ব্যস্ত।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি নির্দেশ করে বলেন, একবার এসে দেখে যান এ এলাকার লোকজনের দুর্ভোগ।

শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী এবং তার পরিবার জনগণের সম্পদ লুটে সম্পত্তির পাহাড় গড়ছে।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ছিলো একজন সন্ত্রাসী। সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। তারই ভাঙ্গা সুটকেস থেকে মা বেটা মিলে কোটি কোটি টাকার মালিক হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী কোটি টাকার গয়না এবং লক্ষ টাকার শাড়ি পড়ে মেকাপ করে টিভিতে চেহারা দেখায়। তার প্রতিবেলা খাবার খরচ তিন হাজার টাকা। তিনি কি করে মানুষের দুঃখ কষ্ট বুঝবেন?’

উপস্থিত জনতার প্রতি শেখ হাসিনা বলেন, আপনারা বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগের সবার শাসন দেখেছেন। একমাত্র আওয়ামী লীগই জনগণের কথা বলে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে রায় দেওয়ার জন্যে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।