আগামী বছরের মধ্যে ডিজিটাল পাসপোর্ট অনিশ্চিত
বাংলাদেশের নাগরিকদের জন্য ২০০৬ সালের অক্টোবরের মধ্যে ডিজিটাল বা মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও প্রকল্প কার্যক্রম নির্ধারিত সময়ে আদৌ শুরু হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রশাসনের সংশ্লিষ্টদের গড়িমসি ও সিদ্ধান্তহীনতার কারণে এখনো প্রকল্পটির প্রাথমিক কার্যক্রমই শুরু হয়নি। এ কার্যক্রম কোন সংস্থাকে দেওয়া হবে, তা নিয়েও সরকারের সংশ্লিষ্টদের মধ্যে রয়েছে দ্বিধা-দ্বন্দ্ব।
আমেরিকান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর অক্টোবরের পরে ডিজিটাল বা মেশিন রিডেবল পাসপোর্ট বিহীন কোনো ব্যক্তিকে সেখানে ঢুকতে দেওয়া হবে না।
জানা যায়, সরকারের সংশ্লিষ্টরা এ প্রকল্পের কাজ পাসপোর্ট অধিদপ্তরকে না দিয়ে ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (এনআরডি) নামে একটি নতুন বিভাগ খুলে তাদের দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে। এনআরডি’র সাংগঠনিক অবকাঠামো ও জনবল নির্ধারণ করতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। গত প্রায় দুবছর ধরে ওই কমিটি কাজ করলেও এখনো তারা এনআরডি’র কিছুই চুড়ান্ত করতে পারেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণার পর থেকেই সরকার দেশের প্রতিটি নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র ও ডিজিটাল পাসপোর্ট দেওয়া সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে ডিজিটাল পাসপোর্ট গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র বা ন্যশনাল আইডি কার্ড বাধ্যতামূলক করা হবে। সিদ্ধান্ত নেওয়া হয়, প্রকল্পটি বাস্তবায়ন ও এর ধারাবাহিকতা নিশ্চিত করতে ২০০৬ সালের অক্টোবরের মধ্যে জাতীয় পর্যায় ছাড়াও দেশের প্রতিটি উপজেলায় এনআরডি অফিস স্থাপনসহ জনবল নিয়োগ করার।
সূত্র জানায়, সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাই নতুন অবকাঠামো তৈরীর পর নির্ধারিত সময়ে ডিজিটাল পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়া অসম্ভব বলে মনে করছেন। তাদের মতে, অল্প সময়ের মধ্যে এ প্রকল্পের কার্যক্রম শুরু করতে হলে এনআরডি’র পরিবর্তে সকল জেলায় বর্তমান পাসপোর্র্ট অধিদপ্তরের অধীনে এর কার্যক্রম করা সম্ভব।
বিশ্লেষকরা বলছেন, ২০০৬ সালের মধ্যে ডিজিটাল পাসপোর্ট না হলে ব্যবসায়ীসহ দীর্ঘ মেয়াদী ভিসা নিয়েও কেউই আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। ফলে জনশক্তি রপ্তানিসহ আমেরিকার সাথে বাংলাদেশের সকল প্রকার ব্যবসা-বানিজ্যের ধ্বস নামার আশংকা রয়েছে।
পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, এখন দেশে বিভিন্ন জেলায় ১৫ টি পাসপোর্ট অফিস এবং ২৫৯ জন কর্মকর্তা কর্মচারি রয়েছে। প্রতিবছর প্রায় ১০ লাখ পাসপোর্ট ইস্যু করা হয়। এতে সরকার রাজস্ব আয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
