২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নন ব্যালটি হজ্জ যাত্রীদের বিষয়ে সরকারি সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন চট্টগ্রামের মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ৫০ হাজার ননব্যালটি হজ্জ যাত্রীর ব্যাপারে কোনও রকম দায় দায়িত্ব না নেয়ার সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

সমীর বড়ুয়া,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

১৯৯৫ সাল থেকে মেয়র হজ্জ কাফেলা অ্যান্ড ট্যুরসের নেতৃত্ব দিয়ে আসা মহিউদ্দিন চৌধুরী বলেছেন, মন্ত্রিপরিষদের এ সিদ্ধান্তের ফলে হজ্জ পালনে ইচ্ছুক হাজার হাজার মুসলমানের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।

ধর্ম মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয় শুধু চার হাজার ব্যালটি হজ্জযাত্রীর জন্যে বিমান ভাড়া অপেক্ষাকৃত কমে ৯৫০ ডলার নির্ধারন করা নন ব্যলটিদের হজ্জযাত্রীদের প্রতি চরম অবিচার ও গভীর ষড়যন্ত্র বলে মেয়র বিডিনিউজকে জানান।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২ নভেম্বর মন্ত্রিপরিষদের বৈঠকে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের হজ্জ ফ্লাইটের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব নাকচ করে দেওয়া হয়।

মন্ত্রিপরিষদের বৈঠকে আরো সিদ্ধান্ত নেয়া হয়, নন ব্যালটি হজ্জযাত্রীদের নিজস্ব ব্যবস্থাপনায় অন্য যে কোনও এয়ারলাইন্সে হজ্জ পালন করতে যাবেন। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় কিংবা ধর্ম মন্ত্রণালয় এ ব্যাপারে কোনও দায় দায়িত্ব বহন করবে না।

মন্ত্রিপরিষদের এ সিদ্ধান্তের ফলে সারা দেশের প্রায় ৫০হাজার নন ব্যলটি হজ্জযাত্রীদের এ বছর হজ্জ পালনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মেয়র বলেন, নন ব্যালটি হজ্জ যাত্রীদের বিমান ভাড়ার বিষয়ে দর কষাকষির সুযোগ থাকায় দেশি বিদেশি বিমান সংস্থাগুলো অতিরিক্ত ভাড়া আদায় করবে এবং এতে হজ্জ যাত্রীদের ভোগান্তি বাড়বে।

মহিউদ্দিন চৌধুরী এরকম বিতর্কিত সিদ্ধান্ত নেয়ার জন্যে ধর্মমন্ত্রী ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর সমালোচনা করেন।

মেয়র প্রশ্ন রাখেন, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ অন্যান্য মুসলিম দেশে হজ্জ ফ্লাইটের ভাড়া না বাড়লে আমাদের দেশে কেন বাড়বে।

বিমান সংকট ও জেট ফুয়েলের মূল্য বৃদ্ধির ফলে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের এই দুরাবস্থা হয়েছে কিনা, তা তদন্ত করার জন্যে তিনি সরকারের প্রতি আহবান জানান।

ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান ২ নভেম্বর রাতে বিবিসি রেড়িওতে এক সাক্ষাৎকারে বলেছেন, নন ব্যালটি হজ্জ যাত্রীরা নিজস্ব ট্রাভেল এজেন্সির সাহায্যে দর কষাকষি করে বিমান ভাড়া নির্ধারণ করবেন এবং সরকার এবার তাদের বিষয়ে কোনও দায় দায়িত্ব নেবে না।

১৯৯৫ সাল থেকে প্রায় ২,৫০০জন হাজী মেয়র হজ্জ কাফেলার মাধ্যমে হজ্জ পালন করেছেন এবং এবছর মেয়র হজ্জ কাফেলার হজ্জ যাত্রীর সংখ্যা প্রায় পাঁচশ’।

মেয়র হজ্জ কাফেলার পাঁচশ’ হজ্জ যাত্রীর পরিণতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

তিনি এ বিষয়ে বিভিন্ন হজ্জ এজেন্সি এবং বেসরকারি এয়ারলাইন্সের সাথে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসার জন্যে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।