২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনে রাজার যোগ দেয়া উচিত হবে না : নেপালের বিভিন্ন রাজনৈতিক দল

নেপালের বিভিন্ন রাজনৈতিক দল আসন্ন সার্ক সম্মেলনে রাজা জ্ঞানেন্দ্র’র যোগ দেয়ার বিরোধিতা করছে। কাঠমান্ডুর বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে এ কথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 05:33 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সাবেক নেপালী পররাষ্ট্র মন্ত্রী এবং নেপালী কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাম সরেন মাহাত বলেছেন, সম্মেলনে রাজার যোগ দেয়া উচিত হবে না।

মাহাতের উদ্ধৃতি দিয়ে কাঠমান্ডু পোস্ট জানায়, ভুটানের রাজাও সম্মেলনে তাদের মনোনয়নপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে প্রেরণ করছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্মেলনে নেপালের রাজার উপস্থিতি এটাই প্রমাণ করে যে, আমরা চিরাচরিত পথেই অগ্রসর হচ্ছি।

সার্কের সাবেক মহাসচিব যাদব কান্ত সিলওয়ালের বরাত দিয়ে ওই পত্রিকা আরও জানায়, রাজার উপস্থিতি কোনও বড় ধরণের অর্জন বয়ে আনবে না।

তবে সম্মেলনে রাজা নিজে যোগ দেবেন কি-না, এ ব্যাপারে সরকারি ঘোষণা না দেয়া হলেও কর্মকর্তারা বলছেন, অনুষ্ঠিতব্য সম্মেলনে রাজা জ্ঞানেন্দ্রই নেপালী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

১৯৯০ সালে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো রাজা নিজে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের নেতৃত্ব দিতেন।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাজা জ্ঞানেন্দ্র দেশটির শাসনভার নিজের হাতে তুলে নেন।