মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা নিহত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলুদিয়া বাজারে শনিবার সকালে জমি দখলে বাধা দেওয়ায় এক মুক্তিযোদ্ধা খুন করা হয়েছে।
নিহত মুক্তিযোদ্ধার নাম দেলোয়ার হোসেন হাবু (৬০)।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, জাতীয়তাবাদী ছাত্রদলের কতিপয় নেতা হলুদিয়া বাজারে বিএনপি অফিসের কাছে একটি জমি দখলের চেষ্টা চালায়।
এতে ওই মুক্তিযোদ্ধা ও তার লোকজন জমি দখলে বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এতে দেলোয়ার হোসেন মাথায় গুরুতর আঘাত পান।
আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে হলুদিয়া ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি মাসুমকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে নিহতের ভাই রুহুল আমিন বাদি হয়ে মুন্সীগঞ্জ বিক্রমপুরের লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
অন্যদিকে গ্রেপ্তারকৃত মাসুমের পক্ষ দাবি করছে, বাকবিতণ্ডার এক পর্যায়ে দেলোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
