ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় সংঘর্ষ নিহত ১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপমনগর গ্রামে ঈদের জামাতের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম সাধু বিশ্বাস (৩৮)। শনিবার হামপাতালে তার মৃত্যু হয়।
সংঘর্ষের পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গ্রামবাসিররা জানায়, অনুপমনগর গ্রামের একমাত্র ঈদগাহটির অবস্থান নওদাপাড়ায়। গ্রামের নওদাপাড়া ও পুরাতনপাড়ায় দুটি মসজিদ আছে। শুক্রবার ঈদের দিন গ্রামের ঐতিহ্য অনুসারে ঈদগায় পুরাতনপাড়া মসজিদের ইমাম শরিফুল ইসলাম বয়ান শুরু করেন এবং বয়ান শেষে নামাজ পড়াতে গেলে নওদাপাড়ার লোকজন তার পাঞ্জাবী ধরে টান দিয়ে সরিয়ে দেয়। এসময় নওদাপাড়ার লোকজন দাবি করে, নওদাপাড়া মসজিদের ইমাম জাহাঙ্গীর নামাজ পড়াবেন। এ নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে নামাজ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষ্যদর্শীরা আরও জানান, এরপর হান্নান মাস্টারের নেতৃত্বে নওদাপাড়ার একদল লোক লাঠি, দা, হাসুয়াসহ পুরাতনপাড়ার মানুষদের ওপর হামলা চালায়। ঈদগাহ মাঠের বাঁশ নিয়ে পাল্টা হামলা চালায় পুরাতনপাড়ার লোকজন। এসময় দু'পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে সাধু বিশ্বাস সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা গেছে। আহতদের মধ্যে আমিরুল, পল্টু, আলিমুদ্দিন, মোমিনুল, শাহীন, লোকমান, তোতা, আলী হোসেন, বোরহানের অবস্থা গুরুতর।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
