‘বাংলা সংলাপ’ নামে বিবিসি’র বিশেষ অনুষ্ঠানমালা
বিবিসি ‘বাংলা সংলাপ’ নামে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে, যা বাংলাদেশে বিবিসি’র সবচেয়ে বড় উদ্যোগ।
অনুষ্ঠানমালার মধ্যে আটটি সরাসরি অনুষ্ঠান ছাড়াও থাকবে ফোন ইন, পত্রিকার রিপোর্ট, বেতার, ফিচার, টিভি রিপোর্ট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠান।
অনুষ্ঠানমালার প্রথম পর্বের আলোচ্য বিষয় হচ্ছে-‘জনগণ কি সঠিক বিচার পায় ?’। আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং সাবেক আইন মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
সংলাপে দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন আলোচিত হবে। যেমন-দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেমন কাজ করছে, কীভাবে দুর্নীতি মোকাবিলা করা যায়, কীভাবে ভালো মানের শিক্ষা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় ইত্যাদি।
অংশগ্রহণকারীরা দেশের বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন। এই অনুষ্ঠানমালার মাধ্যমে ধনী এবং গরীব, শহরবাসী ও গ্রামবাসী, প্রবীণ ও তরুণ, রাজনীতিক ও সাধারণ মানুষের মধ্যে একটি ‘জাতীয় সংলাপ’ অনুষ্ঠিত হবে।
