সার্ক সম্মেলনে নেতৃবৃন্দ দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিল নিয়ে আলোচনা করবেন
আসন্ন ত্রয়োদশ সার্ক সম্মেলনে সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দ দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিলের (এসএডিএফ) ভাগ্য এবং সার্ক উন্নয়ন তহবিল (এসডিএফ) গঠন নিয়ে আলোচনা করতে পারেন।
চলতি বছরের ১ ও ২ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত বৈঠকে এই অঞ্চলের অর্থনৈতিক বিশেষজ্ঞরা বিদ্যমান এসএডিএফ’র পুনর্গঠন এবং এসডিএফ গঠনের সুপারিশ করেন।
ওই বৈঠকে সার্কের মহাসচিব চেনকিয়াব দর্জি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রকল্প সহযোগিতার প্রয়োজনীয়তা ওপর গুরুত্বারোপ করেন। এ সময়ে তিনি বিভিন্ন শাখা সমৃদ্ধ একটি অর্থনৈতিক কাঠামো গঠনের আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিশেষজ্ঞরা অঞ্চলের অভ্যন্তরীণ এবং বাইরে থেকে তহবিল সংগ্রহের প্রয়োজনীয়তার ওপর গুরত্বারোপ করেছেন। তারা দারিদ্র্য বিমোচন তহবিল গঠনের প্রস্তাব, অবকাঠামো তহবিল ও একটি উন্নয়ন ব্যাংক গঠনের সম্ভাবনার প্রস্তাব পরীক্ষা করে দেখেছেন।
প্রস্তাবিত সার্ক উন্নয়ন তহবিলের তিনটি অংশ থাকবে। এগুলো হলো, সামাজিক খাত, প্রাথমিক ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচি ও প্রকল্প। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দারিদ্র্য বিমোচন তহবিলে একশ’ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার অঙ্গীকার করেছিলেন।
অবকাঠামো প্রকল্পের অর্থায়নে এই অঞ্চলের অভ্যন্তর ও বাইরে থেকে অবকাঠামো শাখার মাধ্যমে তহবিল সংগ্রহ করা হবে।
পেশাদারিত্বের মাধ্যমে তহবিলের ব্যবস্থাপনা করা হবে এবং এর একটি স্থায়ী সচিবালয় থাকবে। বৈঠকে ভবিষ্যতে দক্ষিণ এশীয় উন্নয়ন ব্যাংক গঠনের সম্ভাবনাও আলোচনা করা হয়।
ওই কর্মকর্তা আরও জানান, সার্কের অর্থ-পরিকল্পনা মন্ত্রী ও সচিবদের পরবর্তী বৈঠকে বিশেষজ্ঞদের সুপারিশমালা বিবেচনা করা হবে। আসন্ন সার্ক সম্মেলনে শীর্ষ নেতৃবৃন্দ এ ব্যাপারে আলোচনা এবং তহবিল সংক্রান্ত নির্দেশনা দিতে পারেন।
১৯৯৬ সালে এসএডিএফ গঠিত হয়। কিন্তু কার্যকর রূপরেখার অভাবে সদস্য কোনও দেশই খুব বেশি উপকার পায়নি।
