বাগেরহাটের কচুয়ায় ৩ বাড়িতে ডাকাতি, গ্রামবাসীসহ আহত ৭
বাগেরহাটের কচুয়ার মালিপাটন ও গোপালপুর গ্রামে শনিবার গভীর রাতে তিন বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে।
ডাকাতদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত সাত গ্রামবাসী আহত হয়েছে। এ সময় ডাকাতরা লক্ষাধিক টাকার মালামাল ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গোপালপুর ইউনিয়নের মালিপাটন গ্রামের সংরতি মহিলা ইউপি সদস্য নিভা রাণী পাইক ও সাবেক মহিলা সদস্য আরতি রাণী মিস্ত্রীর বাড়িতে এবং গোপালপুর গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রতনের বাড়িতে এ গণডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আরতি রাণীর স্বামী সুখরঞ্জন মিস্ত্রী (৫০), রফিকুল ইসলাম রতন (৪৫) এবং গুলিতে গ্রামবাসী বাশার খাঁ (৪০), মারুফ মোল্ল্যাা (২৮) তরুফ মোল্ল্যা (২২), সোহাগ মোল্ল্যা (২৮), মুনসুর মোল্ল্যা (৪৫) আহত হয়। এদের মধ্যে মুনসুর মোল্ল্যাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন জানান, এ ব্যাপারে আরতি রাণী পাইক বাদি হয়ে চার জনের নাম উল্লেখসহ ১৪/১৫ জনের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা করেছেন।
