র্যাবের হাতে সন্ত্রাসী কামাল গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের সদস্যরা রাজধানীর এক চিহ্নিত সন্ত্রাসীকে পুরান ঢাকা এলাকা থেকে রোববার ভোরে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কামাল হোসেন ওরফে পিচ্চি কামাল। তার পিতার নাম আবদুল মান্নান মোল্লা। সে লালবাগ থানাধীন রজনী বোস লেন এলাকার বাসিন্দা।
র্যাব দাবি করেছে, গ্রেপ্তারকৃত কামাল নগরীর একজন কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও টেন্ডারবাজির হোতা এবং তার নামে একাধিক মামলা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে র্যাব-১০ এর একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত কামাল ঢাকার এক প্রভাবশালী জাতীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী। ওই এমপি’র মদদেই সে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করতো।
কামালের স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় একটি শরীর চর্চা কেন্দ্র থেকে একটি অবৈধ পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ওই শরীর চর্চা কেন্দ্রের দারোয়ান মোক্তার হোসেন (৪০) কে আটক করা হয়েছে।
র্যাব-১০ এর উপপরিচালক মেজর মাহবুব বিডিনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি দল কামালের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
