এশিয়া এনার্জির আশাবাদ: ফুলবাড়ী কয়লাখনি সংক্রান্ত চুক্তি এ বছরই
দুইশ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগে ফুলবাড়ি কয়লাখনির উন্নয়ন সংক্রান্ত চুক্তিটি এ বছরের শেষ দিকে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান এশিয়া এনার্জি পিএলসি।
এশিয়া এনার্জির যুগ্মব্যবস্থাপনা পরিচালক ড্যাভিড লেনিগ্যাস বিডিনিউজকে বলেন, বাংলাদেশ সরকার আগের সমঝোতার প্রতি সম্মান জানাবে বলে আমরা আশা রাখি এবং আশা করছি, কয়লাক্ষেত্রটির উন্নয়ন সংক্রান্ত চুক্তি এ বছরের মধ্যেই সম্পন্ন হবে।
এশিয়া এনার্জি বর্তমানের চুক্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে এবং ২০০৬ সালে খনিতে কার্যক্রম শুরু করতে ২ অক্টোবর কয়লাখনির বিষয়ে সম্ভাবতা জরিপ এবং উন্নয়ন স্কিম সরকারের কাছে দাখিল করে। কোম্পানি ২০০৮ সাল থেকে কয়লা উত্তোলন শুরু করবে এবং ২০১৩ সাল নাগাদ পুরো উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। তখন বছরে ১৫ মিলিয়ন টন হারে কয়লা উত্তোলন করা হবে।
এশিয়া এনার্জি প্রণীত প্রতিবেদনটি বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে।
ড্যাভিড লেনিগ্যাস জানান, লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত এশিয়া এনার্জি গত ১৮ মাসে ফুলবাড়ি কয়লাখনি প্রকল্পে মোট ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং খনিতে উত্তোলনযোগ্য ৫৭২ মিলিয়ন টন উন্নত মানের বিটুমিন কয়লা রয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর সরকারি পরিকল্পনা বাস্তবায়নের জন্যে খনির পার্শ্ববর্তী এলাকায় কয়লা ব্যবহারের মাধ্যমে ৫০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের কাছে একটি প্রস্তাব রাখা হয়েছে। এটিকে ১,০০০ মেগাওয়াটে উন্নীত করা যাবে।
ত্রিশ বছর মেয়াদী এ প্রকল্পে বিভিন্ন পর্যায়ে প্রায় ৪০,০০০ লোককে সরিয়ে নিতে হবে। এজন্যে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে বলে যুগ্মব্যবস্থাপনা পরিচালক জানান।
তিনি বিডিনিউজকে আরও বলেন, আমাদের পরিবেশ ও সামাজিক প্রভাব ব্যবস্থাপনা পরিকল্পনা সরকার অনুমোদন করেছে। এর মধ্যে মানুষ স্থানান্ততর ও ক্ষতিপূরণের ব্যাপারটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ।
তিনি বলেন, এটি সত্য, খনি এলাকাকে শুষ্ক ও নিরাপদ রাখার জন্যে পানিশূন্য করতে হবে। তবে এতে সেখানে পানির কোনও ঘাটতি দেখা দেবে না। খনি এলাকা থেকে উত্তোলিত পানি আবার ওই এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। আমাদের পানি উত্তোলনের বিষয়টি হবে সীমিত পর্যায়ের এবং উত্তোলিত পানি আবার মাটিতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
ড্যাভিড লেনিগ্যাস জানান, খনি এলাকার চারপাশ সবুজ থাকবে এবং জমির উর্বরতা নষ্ট হবে না। এবং ওপেন পিট পদ্ধতিতে কয়লা উত্তোলন করে পরে খনি ভরাট করে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনা হবে।
তিনি জানান, বার্কলেস’র মতো বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় অর্থ প্রতিষ্ঠান এশিয়া এনার্জিকে পৃষ্ঠপোষকতা করছে এবং বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মান অনুযায়ী সাত শতাংশ রয়ালিটি পাবে। রয়ালিটি, কর ও আমদানি শুল্ক এবং বন্দর ও রেল চার্জ থেকে বাংলাদেশ সরকারের আয় হবে সাতশ’ কোটি মার্কিন ডলার।
এশিয়া এনার্জির যুগ্মব্যবস্থাপনা পরিচালক আরও জানান, আন্তর্জাতিক অর্থ প্রতিষ্ঠানের কাছে আস্থা অর্জনের ক্ষেত্রে ফুলবাড়ী প্রকল্পের বিষয়টি কার্যকর ভূমিকা রাখবে। এতে করে ভবিষ্যতে আরও বিদেশি বিনিয়োগ উৎসাহী হবে বলে তিনি জানান।
