রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০
রাজবাড়ী সদর থানার খানখানাপুর মল্লিকপাড়ায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে একটি ট্রাক (চট্ট মেট্রো-৬-১৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন শ্রমিক নিহত এবং ৩০ জন আহত হয়।
নিহত শ্রমিকের নাম খোকন (৩২)। তার বাড়ী রাজবাড়ী শহরের মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে।
আহতদের মধ্যে ১০ জনকে রাজবাড়ী সরকারি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের স্থানীয় চিকিৎসাকেন্দ্র ও বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ট্রাকটি সিমেন্ট, রড, মিকচার মেশিন এবং ৩৯ জন নির্মাণ শ্রমিক নিয়ে মিয়াপাড়া নামক একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঢালাই কাজ করতে যাওয়ার সময় পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে।
এতে ঘটনাস্থলেই একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয় এবং ৩০ জন আহত হয়।
সংবাদ পেয়ে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ এবং ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ট্রাকের নিচে চাপা পড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়েছে।
