নীলফামারীর অর্ধেকেরও বেশি মানুষ এখন অভুক্ত
নীলফামারীর আট লাখেরও বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। কার্তিকের এই মঙ্গায় তাদের অর্ধেকেরও বেশি মানুষ দিন কাটাচ্ছে খেয়ে না খেয়ে। মঙ্গা মোকাবিলা করতে সরকার এখনো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।
এছাড়া স্থানীয় নেতাদের বিরুদ্ধে ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অবস্থায় মঙ্গা পীড়িত জনগণ এখন চরম সমস্যার মুখোমুখি। কিন্তু জেলা প্রশাসক এবং ইউপি চেয়ারম্যান ত্রাণ সামগ্রী বিতরণে দুর্নীতির বিষয়টি অস্বীকার করেছেন।
সরেজমিনে জানা যায়, মঙ্গা দুর্গত এলাকা সদর থানার লক্ষ্মীছাপ এবং তুপামারি ইউনিয়নে সরকারি সাহয্যের পরিমাণ একেবারেই কম।
জংলীপাড়া, সহদেব বড়গাছিয়া, বানিয়া পাড়া, ময়মনসিং পাড়া এবং সুখধন গ্রামসহ অন্যান্য এলাকার দরিদ্র মানুষ অভুক্ত অবস্থায় দিন যাপন করছে। এ সব এলাকায় ক্ষুধার্ত শিশুদের আর্তনাদে মা-বাবা এখন দিশেহারা।
অনেক পরিবারের পুরুষেরা কাজের সন্ধানে রওনা হচ্ছে বগুড়া ও ঢাকার দিকে। আবার অনেকে জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ ছেড়ে বাধ্য হয়ে রিক্সা চালাতে শুরু করেছে।
জংলী পাড়ার ফুলতি বর্মন (৪৫) ২৬ সেপ্টেম্বর এবং ২৪ অক্টোবর ভিজিএফ’র মাধ্যমে ১০ কেজি চাল পেয়েছে।
ফুলতি বেগম বিডিনিউজকে বলেন, ১০ কেজি চাল আমার ছয় জনের পরিবারে একেবারে কিছুই না।
তিনি জানান, ১০ দিন আগে তার স্বামী কাজের সন্ধানে বগুড়া গেছে। তার ১৫ বছরের ছেলের হাতেও কাজ নেই। এ অবস্থায় এক একটা দিন পার করাই এখন দায়।
বানিয়া পাড়ার জুলহাজ মিয়া কাজের সন্ধানে পরিবার ছেড়ে এক সপ্তাহ আগে ঢাকা গেছে। তার স্ত্রী সফুরাকে দেখা যায়, আশপাশের জঙ্গল থেকে কচুর মুখী সংগ্রহ করে সিদ্ধ করে খিদে মেটানোর চেষ্টা করতে।
তিনি বলেন, আমিও ২৪ অক্টোবর ভিজিএফ’র মাধ্যমে ১০ কেজি চাল পেয়েছি। কিন্তু আমি অল্প কিছু চাল জমিয়ে রেখেছি আগামী দিনের জন্য। চার-চারটি বাচ্চাকে ক্ষুধার্ত অবস্থায় দেখতে কষ্টে বুক ভেঙে যায়।
মোহাম্মদ বলাই জানান, সাত সদস্যের পরিবারের জন্য সে চার টাকা দরে পাঁচ কেজি চাল পেয়েছেন। কিন্তু তার কাছ থেকে ছয় কেজি চালের দাম রাখা হয়েছে।
ময়মনসিং পাড়ার রাবেয়া এবং হাসিনা, বানিয়া পাড়ার শহীদুল সুখধন পাড়ার মিরাজুলসহ আরও অনেকে ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে এ ধরনের অভিযোগ করেন।
বলাই খুচরা ব্যবসা করার জন্য গ্রামীন ব্যাংক থেকে ১০ হাজার ঋণ নিয়েছিলেন। তাকে প্রতি সপ্তাহে ২৩২ টাকা কিস্তি জমা দিতে হয়। কার্তিকের এই মঙ্গায় এ টাকা জমা দেওয়া তার জন্য একেবারে দুঃসাধ্য ব্যাপার।
বলাইয়ের বিধবা বোন সুফিয়া সোমবার সারাদিন ত্রাণ সামগ্রী পাওয়ার আশায় অপেক্ষা করলেও তার ভাগ্যে এক ফোঁটা খাদ্য জোটেনি। উপরন্তু দুদিন ধরে সে খুবই অসুস্থ।
তুপামারি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল চৌধুরী ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন। বিডিনিউজকে তিনি বলেন, তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার জন্য যে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম।
তিনি আরো বলেন, যেখানে কমপক্ষে প্রয়োজন ৩৫ হাজার ভিজিএফ কার্ড এবং ৪০০ ভিজিডি কার্ড, সেখানে আমি মাত্র দুহাজার ভিজিএফ কার্ড এবং ১৫৮টি ভিজিডি কার্ড পেয়েছি।
নীলফামারীর জেলা প্রশাসক রবীন্দ্রনাথ চৌধুরীও ভিজিএফ এবং ভিজিডি’র মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণে অনিয়মের কথা অস্বীকার করেন।
তিনি বলেন, এখানে দুর্নীত করার কেনো সুযোগ নেই। কেননা ত্রাণ বিতরণের সময় আমাদের পর্যবেক্ষণকারী উপস্থিত থাকে।
তিনি জানান, খাদ্যের অভাব মেটাতে তারা এক লাখ ২৫ হাজার ৫০০ ভিজিএফ কার্ড এবং ১০ হাজার ৩০০ ভিজিডি কার্ডসহ আরআরপি’র ৫৪ হাজার কার্ড বিতরণ করেছেন। কিন্তু এর চেয়েও বেশি কার্ড প্রয়োজন।
জেলা প্রশাসক জানান, সরকার প্রত্যেক ইউনিয়নের জন্য দুহাজার কার্ড এবং জন প্রতি ১০ কেজি চাল বরাদ্দ করেছে।
তিনি আশা প্রকাশ করেন, আসন্ন আমন মৌসুমে মঙ্গা পরিস্থিতির উন্নতি ঘটবে।
এছাড়া ঈদের পর ‘কাজের বিনিময়ে খাদ্য’ এবং ‘কাজের বিনিময়ে টাকা’সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ শুরু হলে এ সমস্যা অনেকটাই কেটে যাবে।
