গাজীপুর কারাগার থেকে পাচারকৃত ৮০ বস্তা চাল ডাল গম আটকের ঘটনা ধামা চাপার চেষ্টা
গাজীপুর কারাগার থেকে পাচারকৃত ৮০ বস্তা চাল ডাল গম আটকের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে জেলা গোয়েন্দা, পুলিশ ও কারা কর্তৃপক্ষ।
ঘটনার ৩২ ঘন্টা পরেও কোন মামলা হয়নি। পাচারের ঘটনা তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি ইসমাইল হোসেন বলেছেন, মালামালগুলো কারাগার থেকেই হারিয়েছে এমন কোন প্রমান পাওয়া যায়নি।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আলাউদ্দিনকে শুক্রবার ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুর বারোটার দিকে কারাগার থেকে তিন টনি ট্রাকে করে ৮০ বস্তা চাল ডাল গম বের করে শহরের শিববাড়িতে খালাস করার সময় গোয়েন্দা পুলিশ হাতেনাতে ধরে ফেলে। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন বলেছে, কারাগারের জেলার মাহফুজুল ইসলাম ও কারা সহকারী আব্দুস সালাম নিজে দাড়িয়ে থেকে মালামালগুলো কারাগার থেকে বের করে দিয়েছে।
এদিকে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তদন্দকারী কর্মকর্তা ইসমাইল হোসেন চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে ইসমাইল হোসেন বলেছেন, চাল ডাল গম পাচারের সঙ্গে ঠিকাদাররা জড়িত, তবে কারা কর্তৃপক্ষের জড়িত থাকার এখনও কোন প্রমান পাওয়া যায়নি।
এ ঘটনায় মামলা না হওয়া প্রসঙ্গে পুলিশ সুপার আতিকুল ইসলাম বলেন, তদন্ত চলছে। পুর্নাঙ্গ তদন্ত শেষে মামলা হবে। এ ব্যাপারে ডিসি কারাগারের প্রধান জেলা প্রশাসক ম ফজলে রাব্বী কোন মন্তব্য করতে রাজি হয়নি। তিনি পুলিশ সুপারের সাথে এ ব্যাপারে কথা বলার পরামর্শ দেন।
