মাগুরা সদর হাসপাতালের ৭৬ কর্মকর্তা কর্মচারি ২১ মাস ধরে বেতন পাচ্ছেন না
সামনে ঈদ, খুশির এই ঈদ পরিবার পরিজন নিয়ে পালন করতে পারবেন কিনা, এই দুশ্চিন্তা ঘিরে রেখেছে মাগুরা সদর হাসপাতালের ৭৬ জন কর্মকর্তা কর্মচারিকে। দীর্ঘ ২১ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না।
১৯৯৮ সালে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীতকরণের জন্য একটি প্রকল্পের আওতায় এসব কর্মকর্তা কর্মচারিকে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০০৪ সালের জানুয়ারি থেকে হঠাৎ করেই তাদের বেতন বন্ধ হয়ে যায়।
১৮ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা, ১৩ জন তৃতীয় শ্রেণীর ও ৪৫ জন চতুর্থ শ্রেণীর কর্মচারি সাত বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। এ অবস্থায় অনেকেই চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেওয়ার কথা ভাবছেন। আবার অনেকেরই চাকরির বয়স না থাকায় বিকল্প কিছু ভাবতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারি বিডিনিউজকে বলেন, প্রকল্প চালু রয়েছে, আমরা কাজও করছি কিন্তু বেতন নেই, এটা কেমন বিচার?
অপর একজন কর্মকর্তা বলেন, আমার সরকারি চাকরির বয়স শেষ। তাই অন্য কিছু করতে পারছি না। শ্রম দিচ্ছি বেতন পাচ্ছি না। ঈদে বাচ্চাদের জন্য এখনও কিছু কিনতে পারিনি।
তিনি জানান, এতদিন বাকিতে চাল, ডাল কিনে সংসারের খরচ চালিয়েছি। ২১ মাস বেতন বন্ধ থাকায় এখন দোকানদাররাও বাকিতে কিছু দিতে চাচ্ছে না। ঈদ পালনতো দুরে থাক পেট চালাব কিভাবে সে ভাবনা এখন সবার আগে।
প্রসঙ্গত, ৭৬ কর্মকর্তাদের মধ্যে ডাক্তার, সমাজ সেবা কর্মকর্তা, স্টাফ নার্স, পিয়নসহ বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারি রয়েছেন।
