কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিল ব্যবসার আধিপত্য নিয়ে বন্দুকযুদ্ধ, নিহত ১, আহত ২
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া সীমান্তে বৃহস্পতিবার রাতে ফেনসিডিল চোরাচালানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের বন্দুক যুদ্ধে এক ব্যক্তি নিহত ও অপর দু’জন আহত হয়েছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আধ ঘন্টাব্যাপী এ বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে হাবল-মফি গ্রুপের সদস্য মান্নান ঘটনাস্থলেই মারা যায়। সে পাকুরিয়া গ্রামের আহমেদ প্রামাণিকের পুত্র।
আহতরা হচ্ছে, ফয়সাল-হমিদ গ্রুপের শিপন (৩৫) ও কাফি (২৮)। তাদের বাড়িও পাকুরিয়া গ্রামে। গ্রেফতার এড়াতে তারা গোপনে চিকিৎসা নিচ্ছে বলে সূত্র জানায়।
পুলিশ জানায়, ফেনসিডিল চোরাচালানের রুট ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাবল-মফি গ্রুপ ও ফয়সাল-হামিদ গ্রুপের দ্বন্দের কারণে এ বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়।
পুলিশ মান্নানের লাশ উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।
সূত্র জানায়, দৌলতপুর সীমান্তে কমপক্ষে ১৫টি চোরাচালনী চক্র সক্রিয় রয়েছে।
