রূপসা থানা বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে জেএমবি
খুলনা জেলার রূপসা থানা বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি।
বৃহস্পতিবার দুপুরে ডাকযোগে রূপসা থানায় ওই চিঠি পৌঁছালেও শুক্রবার সন্ধ্যায় ঘটনা জানাজানি হয়। পুলিশ সুপার ময়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ সূত্র জানায়, চিঠিতে আগামী ১৫ নভেম্বর মধ্যে রূপসা থানা বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে লেখা আছে। আরো লেখা আছে থানা উড়িয়ে দেওয়ার আগে পর্যায়ক্রমে অফিসার হত্যা করা হবে।
চিঠিতে বলা হয়, জেএমবি সদস্যরা দিনে সাধু বেশে ঘোরাফেরা করে, রাতে তারা ভয়ঙ্কর রূপ ধারন করে। চিঠির শেষে কমান্ডার শব্দটি লেখা রয়েছে।
পুলিশ সুপার ময়নুল ইসলাম বলেন, আতংক সৃষ্টির জন্যে কেউ হয়তো এ চিঠি দিয়ে থাকতে পারে। তারপরও থানা এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
