২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে র‌্যাবের ক্রসফায়ারে ইউপি চেয়ারম্যান নিহত

মাদারীপুরে শুক্রবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা লিয়াকত আলী শেখ ওরফে লেকু নিহত হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

নিহত লিয়াকত রজৈর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মাদারীপুরের ডিবি ও রাজৈর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নিহত লিয়াকতকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে র‌্যাবের কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্র ও সহযোগীদের সম্পর্কে তথ্য দেয়। তার স্বীকারোক্তি মোতাবেক র‌্যাবের একটি দল নিহত লেকুকে নিয়ে অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী এলাকার ঘোষকান্দিতে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা লেকুর অস্ত্রধারী সহযোগীরা র‌্যাবের উপর গুলি বর্ষণ করে লেকুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যার পাল্টা গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ক্রসফায়ারে লেকু নিহত হয়।

এ সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি কাটা বন্দুক, দু’টি পাইপ গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, নিহত লিয়াকতের বিরুদ্ধে মাদারীপুর ও ঢাকার বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে।