চট্টগ্রাম অস্ত্র চোরাচালান মামলা: কে এই হাফিজুর রহমান?
চট্টগ্রাম বন্দরে আটক আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের প্রধান আসামি হাফিজুর রহমানের উত্থান ঘটে ৮০’র দশকে এরশাদ সরকার আমলে অস্ত্র চোরাচালানের অন্যতম রুট পটিয়া আনোয়ারা দিয়ে অস্ত্র চোরাচালানের মধ্য দিয়ে।
দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার চার্জশিটভুক্ত আসামি হাফিজুর রহমান সেই থেকে দক্ষিণ চট্টগ্রামকেন্দ্রিক শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছে।
দেশের সর্ববৃহৎ এ অস্ত্র চোরাচালান ঘটনার তদন্তে সিআইডি হাফিজের সাথে পাকি¯তানী গোয়েন্দা সংস্থা আইএসআই এর ঘনিষ্ঠ সম্পর্ক খুঁজে পেয়েছে।
অস্ত্র চোরাচালানের প্রধান তিন হোতার অন্যতম হাফিজুর রহমান যে পাকিস্তান, চীন, মায়ানমার ও থাইল্যান্ডের অস্ত্র চোরাচালান নেটওয়ার্কের সাথে জড়িত, সেই বিষয়টিও তদন্তে বেরিয়ে এসেছে।
সিইউএফএল জেটিতে অস্ত্র খালাসের সময় হাফিজ একটি মেরুন রংয়ের গাড়ি নিয়ে উপস্থিত ছিল। সে অস্ত্র খালাসের পুরো বিষয়টি তদারক করছিলো।
হাফিজুর রহমান (৩৫) পটিয়া উপজেলার মাইজ্যারঘাট এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
একাধিক মামলার আসামি হাফিজ ১৯৮৯ সালের ১৩ মার্চ দশটি অত্যাধুনিক অস্ত্র ও বেশ কয়েকজন সাঙ্গ-পাঙ্গসহ গ্রেপ্তার হয়েছিলো।
হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি হওযা সত্ত্বেও সে তৎকালীন এরশাদ সরকারের বিশেষ কৃপায় জামিন পেয়ে যায়।
২০০৪ সালের ২ মে ঢাকা সিআইডি সদর দপ্তরে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, হাফিজুর রহমান অস্ত্র খালাস ঘটনার ছয় মাস আগে ঢাকায় সুন্দরবন হোটেলে এক পাকিস্তানী নাগরিকের সঙ্গে দেখা করেছিলো। এরপর সে পাকিস্তান, চীন, ইয়াঙ্গুন ও ব্যাংকক সফর করেছে।
হাফিজের বন্ধু মায়ানমারের আকিয়াব ও ইয়াঙ্গুনের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে লিয়াঁজো রক্ষাকারী জহির এ অঞ্চলের অস্ত্রসহ সামগ্রিক চোরাচালানের মূল হোতা।
২০০৪ সালে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বাধীন উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির প্রতিবেদনে হাজী আবদুস ছোবাহান, দীন মোহাম্মদ ও হাফিজুর রহমানকে অস্ত্র চোরাচালানের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
