ঈদ উদযাপন করতে পলাতক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এখন ঢাকায়!
সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ ২৩ সন্ত্রাসীর মধ্যে অন্যতম এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম অভিযুক্ত ত্রীমতি সুব্রত বাইন ওরফে শুভ্র ঈদ উদযাপন করতে এখন ঢাকায় অবস্থান করছে।
ইসলাম ধর্মগ্রহণকারী সুব্রত বাইন ওরফে শুভ্র ওরফে ফতেহ আলীর ঘনিষ্ঠ একটি সূত্র বুধবার বিডিনিউজকে এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে শুভ্র ঢাকায় অবস্থান করছে। তবে কোন এলাকায় বা কার আশ্রয়ে তিনি আছেন, এ বিষয়ে তথ্য দিতে সে অপারগতা প্রকাশ করে।
সূত্র আরও জানায়, সুব্রত বাইন প্রায় ১৫ দিন আগে উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সেখানে সে বিভিন্ন পরিচয়ে স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়ে পর্যায়ক্রমে বগুড়া, পাবনা ও দিনাজপুরে থাকার পর এক সপ্তাহ আগে ঢাকায় প্রবেশ করে। ঢাকায় তার স্ত্রী ও সন্তান বসবাস করে বলে সূত্রটি দাবি করে।
ঢাকায় এসে শুভ্র তার আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্কের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও শুভ্রর ঘনিষ্ঠ সূত্রটি বিডিনিউজকে জানায়।
গত বছরের ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার জনসমাবেশে গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সুব্রত বাইন এবং অপর শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয় জড়িত ছিলো বলে ঢাকায় গ্রেপ্তারকৃত অপর শীর্ষ সন্ত্রাসী আরমান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে।
আরমান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে শুব্রত বাইন এবং তানভীরুল ইসলাম জয়কে অভিযুক্ত করে।
বর্বরতম ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আইভি রহমানসহ ২২ জন প্রাণ হারান। সাবেক প্রধানমন্ত্রীও তার কানে শব্দজনিত গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
সূত্র আরও জানায়, ডিবি পুলিশের দুই সদস্য হত্যার আসামি অপর দুর্ধর্ষ সন্ত্রাসী জিসান ওরফে মন্টি এবং মগবাজারের সন্ত্রাসী রনিও ঈদ উদযাপন করতে ঢাকায় এসেছে। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসী জিসান এবং রনি ভারতের লেকটাউন এলাকায় থাকে বলে সূত্রটি জানায়।
তবে গোয়েন্দাদের কাছে এসব সন্ত্রাসীদের ঢাকায় আসার ব্যাপারে কোনও তথ্য নেই বলে জানান নাম প্রকাশ না করার শর্তে একজন গোয়েন্দা কর্মকর্তা জানান।
২০০১ সালের ২৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৩ জন শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্যে সাড়ে ১৫ লাখ পুরস্কার ঘোষণা করে।
