২০ নভেম্বর পর্যন্ত ইটিভি চেয়ারম্যানকে গ্রেফতার বা হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ
একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে তার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী ফারজানা শিল্পীর দায়ের করা নারী নির্যাতন মামলায় আগামী ২০ নভেম্বর পর্যন্ত তাকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালত একই সাথে আবদুস সালাম ও তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানিয়ে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, কাফরুল থানার ওসি, এসআই ও ফারজানা শিল্পীকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন। নোটিশ হাতে পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে আইনজীবীর মাধ্যমে এর জবাব দিতে বলা হয়েছে।
আবদুস সালামের দায়ের করা পৃথক দু’টি রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্টের দু’টি বেঞ্চ এ আদেশ দেন।
ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ফারজানা শিল্পী গত ৭ অক্টোবর আবদুস সালাম ও তার ভাই আশরাফুল আলম টুটুল ও মনজুরুল আলমসহ তার পাঁচ আত্মীয়ের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।
পিটিশনে আবদুস সালাম বলেন, ফারজানা ৬ অক্টোবর বিদেশ থেকে দেশে ফিরে তার ডিওএইচএস এর বাসায় যায়। কিছু প্রভাবশালী ও স্বার্থানেষী ব্যক্তির প্র্ররোচনায় সে তাকে (আবদুস সালাম) এবং তার আত্মীয়স্বজনদের হয়রানির উদ্দেশ্যে একটি মিথ্যা মামলা দায়ের করে। এ ব্যক্তিরাই তাকে ইটিভির শেয়ার বিক্রি করে দেওয়ার জন্যে চাপ দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বিচারপতি এমএ রশিদ ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আবদুস সালামকে আগামী ২০ নভেম্বরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন এবং এর আগে তাকে গ্রেফতার বা হয়রানি না করতে সরকারকে নির্দেশ দেন।
অপর একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অপর একটি বেঞ্চ সররকারি কর্তৃপক্ষ ও ফারজানা শিল্পীর প্রতি একটি রুল জারি করেন।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট টিএইচ খান ও ড. কামাল হোসেন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার সারাহ হোসেন। অপরপক্ষে সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান।
