জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি
বেসরকারি শিক্ষকদের ৩০ অক্টেবরের মধ্যে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও নতুন এমপিও ছাড় না দেয়া হলে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ অক্টোবর দেশের সকল জেলা সদরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করবে।
মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে বেসরকারি শিক্ষকদের সংগঠন জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট খুলনা জেলা ও মহানগর শাখার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন ফ্রন্টের আহবায়ক খান নজরুল ইসলাম।
সম্মেলনে আরো বলা হয় , শিক্ষকদের বর্ধিত ১০ শতাংশ বেতন ঘোষণার চার বছর পেরিয়ে গেলেও সরকার তা এখনো প্রদান করেনি। ২০০৪ সালে ৩৫৪টি কলেজের সহস্রাধিক শিক্ষক কর্মচারীর বেতন ভাতার সরকারি অংশ (এমপিও) বন্ধ করে দেয়।
এমপিও’র জন্যে অপেক্ষামান ও এমপিওবন্ধসহ মোট ৩৬ হাজার কর্মচারি এ সমস্যার স্বীকার।
তারা দাবি করেন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ, সম্মানজনক বাড়ি ভাড়া, শিক্ষকদের পদোন্নতি ও ৯১’ সালের স্কেলের পরিবর্তে ২০০৫ এর স্কেলে মেডিকেল ভাতা ও ইনক্রিমেন্ট প্রদানসহ আট দফা দাবি পূরণ না হলে ঈদুর ফিতরের পর কঠিন কর্মসূচি ঘোষণা করবে।
