জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম থেকে ব্যারিষ্টার নাজমুল হুদা ও অ্যাড. জয়নুল বহিস্কৃত
সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ সরকার সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম থেকে যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে সোমবার বহিস্কার করা হয়েছে।
ফোরামের সভাপতি বিচারপতি টিএইচ খানের সভাপতিত্বে স্ট্যান্ডিং কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয়ের বহিস্কার সোমবার থেকে কার্যকর হবে।
খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ এমপি, জাতীয় সংসদের সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, ব্যারিষ্টার এম আমিনুল হক, হাবিবুল ইসলাম ভূঞা, নিতাই রায় চৌধুরী, একে মুজিবুর রহমান, ফজলুর রহমান খান, স্নাাউল্লাহ মোল্লা, মাসুদ আহমেদ তালুকদার, এম সাইদুর রহমান, শাহ এম খসরুজ্জামান এবং এম গোলাম আরশাদ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, গত ৩ অক্টোবর সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে কেন তাদের ফোরাম থেকে বহিস্কার করা হবে না এই মর্মে ব্যারিষ্টার হুদা ও অ্যাডভোকেট জয়নুলের বিরুদ্ধে কারন দর্শানো নোটিশ জারী করা হয়। কিন্তু তারা নির্ধারিত সাত দিনের মধ্যে এর জবাব দিতে ব্যর্থ হন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপরও তারা সংগঠনের স্বার্থবিরোধী কার্যকলাপ অব্যাহত রাখে। এমনকি তারা একদিকে সংগঠনের নিয়মনীতির তোয়াক্কা না করে ফোরামের ব্যানারে মিটিং মিছিল করে , অন্যদিকে তারা আইজীবিদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ব্যারিষ্টার হুদা সোমবার সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির হলরুমে এক সভায় নিজেকে ফোরামের সভাপতি হিসেবে দাবি করেন।
সভায় জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সকল ইউনিট কমিটিসহ সকল সদস্যদেরকে বহিস্কৃত দুই জনের সাথে কোন প্রকার সম্পর্ক রক্ষা বা যোগাযোগ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।
আইনজীবি ফোরাম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তার অবস্থান ব্যাখ্যা করবে।
এর আগে, কারণ দর্শাও নোটিশ পাঠানোর পর অ্যাডভোকেট জয়নুল আবেদীন বিডিনিউজকে জানিয়েছিলেন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কোন কমিটি নেই, তাই নোটিশ পাঠানোর মত আইনগত অধিকার তাদের নেই। বিচারপতি টিএইচ খান ও ব্যারিষ্টার আমিনুল ইসলামের নেতৃত্বে ফোরামের কেন্দ্রীয় কমিটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আহ্বায়ক কমিটি গঠনের পর শিগগিরই নির্বাচনের মাধ্যমে ফোরামের নতুন কমিটি গঠন করা হবে। তিনি বিডিনিউজকে বলেন, আমরা ইতিমধ্যে সুপ্রীম কোর্ট ও ঢাকা জজ কোর্টের সকল ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করেছি।
গত ৩ আগস্ট ফোরাম ব্যারিষ্টার হুদা ও অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সদস্যপদ বাতিল করেছিল।
