বাগেরহাটে হত্যা প্রচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত ইউপি সদস্য অপসারিত, বৃহস্পতিবার উপ-নির্বাচন
একটি হত্যা প্রচেষ্টা মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত ইউপি সদস্য মাহাবুব খাঁ (৪৫)কে সদস্য পদ থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাগেরহাট সদর উপজেলার বের্মতা ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুব খাঁ ওই মামলায় (খুলনা সেশন কেস ৩৫০/৮১) দণ্ডাদেশপ্রাপ্ত হয়েও তথ্য লুকিয়ে ২০০৩ সালে ইউপি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুব হত্যাসহ একাধিক মামলার আসামি। ২০০৪ সালের ৬ জুলাই সে গ্রেপ্তার হওয়ার পর তার দণ্ডাদেশের তথ্যটি প্রকাশিত হয়। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০০৫ সালের ২৯ জানুয়ারী বাগেরহাট কারাগার থেকে সে জামিনে মুক্তি পায়।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ ১৯৮৩ এর ৭ (২) এবং ১৩ (অ) ধারা অনুযায়ী বেমরতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মাহাবুবকে অপসারণ করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সেলিনা মাহাবুব এবং এসএম আলমগীর হোসেন নামে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেলিনা মাহাবুব অপসারিত সদস্য মাহাবুবের স্ত্রী।
