৭ বছরের শিশুকে পানিতে ডুবিয়ে খুন করলো চাচা
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় সাত বছর বয়সী ভাইপোকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে ওর চাচা।
রোববার সকালে পালংখালীর গহীন জঙ্গলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ঘাতক রহিম উল্লাহ (২২) কে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী, রোববার রাতেই জঙ্গল থেকে শিশু সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর রোববার সকাল ১১টার দিকে জলপাই খাওয়ানোর অজুহাতে পালংখালীর আবদুস সালামের পুত্র রহিম উল্লাহ তার ভাইপো সাইফুল ইসলাম (৭) কে বাড়ি থেকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। সেখানে রহিম উল্লাহ সাইফুলকে জঙ্গলের ছরার পানিতে চেপে ধরে হত্যা করে লাশ ফেলে রেখে চলে আসে। রাত গড়িয়ে এলে সাইফুল বাড়ি না ফেরায় তার পিতা মোঃ ইসহাক ছোট ভাই রহিম উল্লাহকে জিজ্ঞেস করে। সে কোন সদুত্তর না দেয়ায় উখিয়া থানা পুলিশকে এ ব্যাপারে অবহিত করা হয়। পুলিশ রহিম উল্লাহকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে।
