২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা আদালত পাড়ায় আতংক, বোমা সদৃশ কৌটা উদ্ধার

খুলনার জেলা জজের চার নম্বর আদালত থেকে সোমবার দু’টি বোমা সদৃশ কৌটা উদ্ধার করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এ ঘটনায় আদালত পাড়ায় বোমা আতংক ছড়িয়ে পড়ে। পরে কৌটাগুলো উদ্ধার করে খুলনা থানায় নিয়ে খুলে তাতে ফ্যাক্স মেশিনের কালি পাওয়া যায়।

সূত্র জানায়, পুলিশ প্রতিদিনের মত তল্লাশি চালানোর সময় সকাল দশটায় জেলা জজের চার নম্বর আদালত কক্ষের একটি তাকের ওপর বোমা সদৃশ দু’টি কৌটা দেখতে পায়। সাথে সাথেই খুলনা থানাসহ সংশ্লিষ্টদের এ ব্যপারে জানানো হয়। এ সময় আদালত পাড়ায় বোমা আতংক ছড়িয়ে পড়লে লোকজন ছোটাছুটি শুরু করে। আদালতের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়।

পরে খুলনা থানার দারোগা শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ কৌটা দু’টি থানায় নিয়ে যান। কৌটাগুলো খুলে দেখা যায়, তাতে ফ্যাক্স মেশিনে ব্যবহারের কালি ভরা। তবে কৌটা দু’টি আদালত কক্ষের তাকে কে বা কারা রাখলো, সে ব্যাপারে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।