২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১০

পাবনার নগরবাড়ী-বগুড়া মহাসড়কে সোমবার সকালে একটি বাস ও নছিমনের সংঘর্ষে নছিমনচালকসহ সাতজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। সকাল ১০টার দিকে বেড়া উপজেলার চাকলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

নিহতরা সকলেই নছিমনের যাত্রী। এদের মধ্যে ছয় জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতদের মধ্যে নছিমনের যাত্রীদের সঙ্গে কয়েকজন বাসযাত্রীও রয়েছে।

পুলিশ জানায়, একটি শ্যালোচালিত নছিমন ১৪/১৫ জন যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। এসময় চাকলা ব্রিজের কাছে বিশ্বজিত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে নছিমনকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। এরা হলো, নছিমনচালক চাকলা গ্রামের অরশাদ আলী (৩৬), আবু সামা (৪২), বেড়া পৌর এলাকার সানিলা গ্রামের সোলে বেগম (৫০), নলডাঙ্গা গ্রামের আলীম (১৫), আব্দুল্লাহ (১৭) এবং আদুরি খাতুন (২৫)।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল মতিন (৩৫), আব্দুল করিম (৩২), খুশী (১৩), আমিরুল ইসলাম (৩৩), বাবলু (২২), জাহাঙ্গীর (২৮), বাবুল (৪২) এবং কচি (২১)কে বেড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় কচি মারা যায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে বলেন, শ্যালোচালিত নছিমন নিষিদ্ধ বলে নিহতদের আত্মীয়-স্বজন লাশগুলোকে যার যার বাড়ি নিয়ে গেছে। ফলে ময়নাতদন্তের জন্যে বাড়ি বাড়ি খুঁজে লাশ আনতে হচ্ছে।

দুর্ঘটনার ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়েছে।