৩৫ ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে রাজধানীর রেল যোগাযোগ শুরু
টানা ৩৫ ঘন্টা বিচ্ছিন্ন থাকার পর সোমবার সকাল পৌনে ৮ টা থেকে রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ পুনস্থাপিত হয়েছে।
সোমবার সকাল পৌনে ৮ টায় একটি লোকাল ট্রেন (৫১০) সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের ওয়াখারা-ভাঙ্গুড়া স্টেশনের মধ্যবর্তী স্থানের ডেঙ্গা এলাকায় পুনস্থাপিত প্রায় ২০০ ফুট রেলপথ অতিক্রম করলে রেল চলাচল শুরু হয়।
বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোস্তফা-ই-জামিল ঢাকায় বিডিনিউজকে জানান, রেলের কর্মীরা গত শনিবার বিকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে প্রায় ২০০ ফুট রেল লাইনকে চলাচলের উপযোগি করে তোলেন। সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে একটি লোকাল ট্রেন ওই স্থান অতিক্রম করে যোগাযোগ পুনস্থাপন করে।
পরে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেসও ওই স্থান নিরাপদে অতিক্রম করে।
তিনি আরো জানান, প্রতিবছরই এ রুটের বিভিন্ন পয়েন্টে অতিবৃষ্টিতে রেল লাইনের নীচের বালি ও স্লিপারের খোয়া ধ্বসে মাটি নরম হয়ে দেবে যাওয়ায় এ সমস্যা হয়।
বিডিনিউজের পাবনা প্রতিনিধি রেলওয়ে সূত্রর বরাত দিয়ে জানান, কয়েকদিনের টানা বর্ষণে ওয়াখারা-ভাঙ্গুড়া স্টেশনের মধ্যবর্তী ডেঙ্গা এলাকায় প্রায় ২০০ ফুট রেলপথের লাইনের নীচের বালি ও স্লিপারের খোয়া ধ্বসে মাটি নরম হয়ে দেবে যায়।
এতে শনিবার বিকাল থেকে রাজধানীর সাথে উত্তরবঙ্গের ১৫টি জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই ঘটনার পর সকল এক্সপ্রেস, আন্ত:নগর, লোকাল ও মেইল ট্রেনের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে।
এ সময় যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থায় ভাঙা পয়েন্টের উভয় অংশের যাত্রীদের আনা-নেওয়া করা হয়।
