২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি বর্ষণ অব্যাহত: নতুন নতুন এলাকা প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতি, মানুষের দুর্ভোগ

সারা দেশে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতি এবং শতশত মাছের ঘের ভেসে যাওয়ার মধ্য দিয়ে রোববার চতুর্থদিনের মতো ভারি বর্ষণ অব্যাহত ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বিভিন্ন এলাকা থেকে বিডিনিউজ-এর প্রতিনিধিগণ জানান, দিনমজুররা তাদের কাজ করতে না পারায় তাদের বেশিরভাগকেই অর্ধাহারে বা অনাহারে দিন কাটাতে হয়েছে।

অসময়ে ভারি বর্ষণের কারণে অনেক এলাকায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। এতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বিডিনিউজ-এর খুলনা প্রতিনিধি জানান, গত কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টির কারণে জেলার নয়টি উপজেলায় মানুষ চরম দুর্ভোগে পড়ে।

আবহাওয়া অফিস জানায়, খুলনায় গত সাত দিনে ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারি বর্ষণে জেলার দাকোপ, ডুমুরিয়া, বটিয়াঘাটা, ফুলতলা, রূপসা, দীঘলিয়া, তেরখাদা, পাইকগাছা ও বয়রা উপজেলার প্রায় ৩০০ গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ায় মহানগরীর নিচু এলাকা হাঁটু পানির নিচে তলিয়ে আছে।

অতিবর্ষণে কয়েকশ’ মাছের ঘের ভেসে গেছে, শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতি হয়েছে। উপকূলীয় অঞ্চলের নদ-নদীর প্রবল স্রোতে জেলার অনেক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

যশোর প্রতিনিধি জানান, গত ছয় দিনে জেলায় ৩৪৬ মিমি. বৃষ্টিপাত হয়েছে। ভারিবর্ষণে জেলার শীতকালীন সব্জি ক্ষেত ও অন্যান্য সফলের ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, শাক সব্জি চাষের জন্যে এবার জেলার ৪,৩৫০ হেক্টর জমিতে আগেভাগেই চাষাবাদ করা হয়। কিন্তু অতিবর্ষণে জেলার ৪,০০০ হেক্টরের বেশি আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে বলে সূত্র জানায়।

বিডিনিউজ-এর রাজবাড়ী প্রতিনিধি জানান, সপ্তাহব্যাপী ভারি বর্ষণের কারণে অনেক জায়গায় রেললাইন ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে গেছে। এ কারণে ট্রেনের চালকদের সতর্কতার সাথে এবং ভালোভাবে সংকেত লক্ষ্য করে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

অনেক মাছের ঘের বন্যার পানিতে ভেসে গেছে। অন্যদিকে চরাঞ্চলের দরিদ্র মানুষজন মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। তাদের অনেককেই ওএমএস’র আওতায় জেলা শহরে চাল বিক্রির স্থান গুলোতে ঘোরাঘুরি করতে দেখা যায়।

বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, সদর, সাঁথিয়া, সুজানগর, চাটমোহর, বেড়া, ভাঙ্গুরা, আটঘরিয়া এবং ঈশ্বরদী উপজেলার ৫০ হাজারেরও বেশি একর জমির আমন ধান ও সব্জি বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা শহরের শালঘরিয়ার দুই হাজারেরও বেশি বাড়িঘর দুই ফুট পানির নিচে ডুবে আছে। লোকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কাজ না পাওয়ায় দিনমজুর পরিবারগুলোর শিশুরা প্রায় সপ্তাহ ধরে না খেয়ে দিন কাটাচ্ছে।

নড়াইল প্রতিনিধি জানান, চিত্রা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ডুবে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বন্যায় মাছের ঘের ভেসে যাওয়ায় চাষীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়াও জেলার বিস্তীর্ণ এলাকার সব্জি ক্ষেত বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে।

যশোরের নোয়াপাড়া, গাজীপুরের টঙ্গি প্রতিনিধি জানান, সপ্তাহব্যাপী বৃষ্টিতে জনজীবনের পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার ঢাকায় ৬৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে আবহাওয়াবিদরা বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।