২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ২০ ট্রলারে গণডাকাতি, ৫ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি

ভোলা-লক্ষ্মীপুর জেলার মেঘনা সীমানায় রোববার সকালে জলদস্যু টাইগার বাহিনী প্রকাশ্যে চর তোজাম্মেল ও চর মহেশখালী এলাকায় ২০টি জেলে ট্রলারে গণডাকাতি চালিয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

দস্যুরা মাছ ও জাল সহ আটটি নৌকা ছিনতাই এবং পাঁচ মাঝিকে জিম্মি করে পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করে।

অপহৃত পাঁচ জেলে হচ্ছে-জসিম (১৮), জামাল (৩৫), নূরে আলম (১৫) এবং নাছির মাঝি এলাকার দু’জন।

এ সময় জলদস্যুরা কুপিয়ে-পিটিয়ে আহত করেছে বাচ্চু মাঝি, বাবুল, মঞ্জু, আমির হোসেন, ময়সর সাঝি, আলমগীর, কাসেম, শাহে আলম, নুর হোসেন, ইলিয়াস, রতন, রফিক, হারিস, সেকান্দার, মো. উল্লাহ, শরীফ ও সহিদ সহ ৩০ মাঝিকে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জলদস্যুরা ডাকাতির সময় জেলেদের হুমকি দিয়ে জানায়, কোস্টগার্ড ও পুলিশের গুলিতে তাদের অনেক জলদস্যু নিহত হয়। এর প্রতিশোধ নিতে তারা এ হামলা চালিয়েছে।

পুলিশ জানায়, ডাকাতির খবর পেয়ে তারা মেঘনায় টিম পাঠিয়েছে। কোস্টগার্ডের টহলও অব্যাহত রয়েছে।

এদিকে, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানের পর সাত দিনের মধ্যে জলদস্যুদের হামলা ও গণলুটের ঘটনায় হতাশ হয়ে পড়েছে মেঘনার জেলেরা।

এনিয়ে ভোলার মেঘনায় গত এক মাসে ছয় বার জলদস্যুরা ডাকাতি করলো।