২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচপুরে শ্রমিক বিক্ষোভ: নির্যাতিত শ্রমিকদের জীবনযন্ত্রণা

রতন আলী ঠিকমতো কথা বলতে পারে না। এমনকি কোনও শব্দ করতে গেলেও তার প্রচণ্ড কষ্ট হয়। সে তার ঘাড় নাড়াতে এবং ঢোক গিলতে পারে না। তার গলায় স্পষ্ট রশির দাগ রয়েছে। রতন এখন কাঁচপুরের শুভেচ্ছা ক্লিনিকে চিকিৎসাধীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রতন সিনহা গ্রুপের মালিকানাধীন ওপেক্স গার্মেন্টস ফ্যাক্টরির কর্মী। তাকে কেন্দ্র করেই চলতি মাসের ১৯ তারিখ কাঁচপুরে শ্রমিক আন্দোলনের সূত্রপাত ঘটে।

গলায় প্রচণ্ড যন্ত্রণা সত্ত্বেও রতন জানায়, মুন্নাসের নেতৃত্বে নিরাপত্তাকর্মীরা ফ্যাক্টরির অফিস কক্ষে

তার ওপর ভয়াবহ নির্যাতন চালায়। তারা রতনের গলায় নাইলনের রশি বেঁধে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়।

রতন জানায়, তার শুধু ফ্যানে ঝুলানোর ব্যাপারটি মনে আছে, পরে কী হয়েছে সে কিছুই বলতে পারে না।

হাসপাতালের বেডে শুয়ে শনিবার বিডিনিউজকে রতন জানায়, ঘটনার মাত্র ১৯ দিন আগে সে ওই ফ্যাক্টরিতে চাকরি নেয়। এমনকি এখনও তাকে কোনও পরিচয়পত্র দেওয়া হয়নি। কিন্তু ওইদিন সকাল সাতটার দিকে রতন ফ্যাক্টরিতে প্রবেশ করতে গেলে মেইন গেটে নিরাপত্তাকর্মীরা তাকে আটকায়। তারা তাকে পরিচয়পত্র দেখাতে বলে। কিন্তু সে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে নিরাপত্তাকর্মী মুন্নাস তাকে অফিস কক্ষে ধরে নিয়ে যায় এবং তার ওপর নির্যাতন চালায়।

সজল সাহা নামে ফ্যাক্টরির অপর এক শ্রমিক এ ঘটনার প্রতিবাদ করতে গেলে নিরাপত্তাকর্মীরা তাকেও নির্দয়ভাবে প্রহার করে। মুখে বেশ কিছু আঘাত নিয়ে সে বর্তমানে কাঁচপুরে মডার্ন ক্লিনিকে চিকিৎসাধীন।

এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সজল জানায়, নিরাপত্তাকর্মীরা রতনকে মারতে থাকায় সে প্রতিবাদ করতে যায়। এটিই ছিল তার অপরাধ! যার পরিণতি হিসেবে আজ তাকে হাসপাতালের বেডে যন্ত্রণাময় দিন কাটাতে হচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে ফ্যাক্টরির শ্রমিকরা রাস্তা অবরোধ করে এবং ভাংচুর শুরু করে।

ফ্যাক্টরির কর্মকর্তারা জানায়, তারা এখনও শ্রমিক নির্যাতনের ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত নয়। তারা জানায়, আমরা বিষয়টি শুনেছি, কিন্তু আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে চাই।

শ্রমিক নিরাপত্তা ফোরামের সঙ্গে আলাপকালে তারা বলেছেন, আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। সিনহা গ্রুপের উৎপাদন শাখার পরিচালক কর্নেল বাহার বলেন, আমরা প্রথমে তদন্ত রিপোর্ট দেখতে চাই। তারপর সিদ্ধান্ত নেব।

পাশাপাশি কর্নেল বাহার ঘটনাটিকে ফ্যাক্টরির বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এমনকি এই ঘটনার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত থাকার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করতে সবকিছু খতিয়ে দেখতে হবে।

ফ্যাক্টরির ভেতরে আন্দোলনরত শ্রমিকদের ওপর আনসারদের গুলিবর্ষণ সম্পর্কে তিনি জানান, গুলি করার অনুমতি কে দিয়েছে, তারা জানেন না। তদন্তের পর জানা যাবে, আনসাররা কার হুকুমে গুলি করেছে। তবে তিনি স্বীকার করেন, গুলিবর্ষণের ঘটনা শ্রমিকদের আরো বিক্ষুব্ধ করে তোলে।

গুলিতে আহত অনেক শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাদের মধ্যে মাসুদ নামে এক শ্রমিক বিডিনিউজকে জানান, তিনি পাঁচতলায় কাজ করেন। বাইরে চিৎকার শুনে তিনি বের হওয়ার চেষ্টা করেন। দ্বিতীয় তলায় নামার সঙ্গে সঙ্গে তার ডানপায়ে গুলি লাগে।