সড়ক দুর্ঘটনায় একজন নিহত
নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীরে রোববার সকালে বাসের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে নীলফামারী থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস আবেদুল ইসলাম বাবু (৩২) নামে ওই সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের আহমুদ্দিনের পুত্র।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেল্পার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে সৈয়দপুর থানায় ইউডি মামলা হয়েছে।
