বার্ড ফ্লু প্রতিরোধে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে: নোমান
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, বার্ড ফ্লুর সম্ভাব্য আক্রমন প্রতিরোধে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। তাই এ ব্যাপারে আতঙ্কিত না হওয়ার জন্যে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী বিডিনিউজকে বলেন, এ ব্যাপারে কাজ করার জন্যে ইতোমধ্যেই তিনটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং সার্বক্ষণিক পরিস্থিতি মনিটর করার জন্যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, মাঠ পর্যায়ের পোল্ট্রি ফার্মগুলোতে হাঁস-মুরগি ও অন্যান্য পশুপাখির নিরাপত্তা নিশ্চিত করার জন্যে পর্যবেক্ষণ জোরদার করতে প্রত্যেক জেলা ও থানা মৎস্য ও পশু সম্পদ কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
বার্ড ফ্লু রোগ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যে সরকার বৃহস্পতিবার মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ইকবাল মাহমুদকে প্রধান করে ২৯ সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করেছে।
অন্যান্য স্টেক হোল্ডারের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে এ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
এছাড়া স্বাস্থ্য ও পশু সম্পদ বিভাগের মহাপরিচালকদ্বয়ের নেতৃত্বে অপর দু’টি কমিটিও এ ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সপ্তাহে দুই বার রিপোর্ট করার জন্যে পশু সম্পদ বিভাগের মহাপরিচালক ড. সালেহউদ্দিন মাহমুদের নেতৃত্বাধীন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও প্রশাসন ও পোল্ট্রি ব্যবসায়ীদের নিয়ে পর্যবেক্ষণ টিম গঠনের জন্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইকবাল মাহমুদ বিডিনিউজকে বলেন, অতিথি পাখি শিকার বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্যে আমরা জুলাইতে স্বরাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি।
প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ লেক দু’টি পরিস্কার করেছে এবং সকল পাখিকে প্রতিষেধক টিকা দিয়েছে।
আবদুল্লাহ আল নোমান বলেন, বার্ড ফ্লু প্রতিরোধমূলক প্রকল্প বাস্তবায়নে আমরা দাতা সংস্থাগুলোর কাছ থেকে সাহায্য চাওয়ার কথা ভাবছি।
তিনি বলেন, প্রতিষেধক টিকা, দূষণরোধ, শ্রমিক ও কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ল্যাবরেটরি ও টেস্টিং সুবিধার জন্যে এ সাহায্য চাওয়া হতে পারে।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল করিম বলেন, সাহায্যের জন্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (উব্লিউটিও) কাছে প্রস্তাব দেওয়া হবে।
কত সাহায্য চাওয়া হবে সে সম্পর্কে তিনি বলেন, প্রস্তাবনা চূড়ান্ত হওয়ার পর এটি নির্ধারণ করা হবে। প্রস্তাবনা তৈরির কাজ চলছে বলে তিনি জানান।
এর আগে খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) বলেছিল, বাংলাদেশ অতিথি পাখিদের অভয়ারণ্য হওয়ায় সেখানকার পাখিদের মধ্যে বার্ড ফ্লু সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। ইউরোপ জুড়ে এবং এশিয়ার অনেক দেশে ইতোমধ্যেই এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্য অনুযায়ী, বার্ড ফ্লু ভাইরাস আক্রান্ত হয়ে বিশ্বের ১৫ মিলিয়ন লোকের মৃত্যু হতে পারে।
