ওসি রফিক ৪ দিনের রিমান্ডে
মতিঝিল থানার সাবেক ওসি রফিককে কলেজ ছাত্র মমিন হত্যা মামলায় রোববার চার দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
কারাগার থেকে রোববার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে আসা হয়। বাদি পক্ষ এসময় ওসি রফিকের পাঁচ দিন রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে মহানগর হাকিম আব্দুর রউফ খান মমিন হত্যাকাণ্ড সম্পর্কে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্যে চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
রফিকের আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মাগফুর রহমান শেখ আদালতে রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনাননিতে তারা বলেন, এজাহারে অভিযুক্তের নাম নেই। আসামি রনির দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা বিষয়ে ওসি রফিকের নাম আসেনি। তাই রিমান্ড মঞ্জুর করার কোনও আইনগত বৈধতা নেই।
অপরদিকে রিমান্ড মঞ্জুর করার জন্যে অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকতসহ অর্ধশতাধিক আইনজীবী বাদিপক্ষে দাঁড়িয়ে যান। তারা বলেন, এ হত্যাকাণ্ডে ওসি রফিক সরাসরি জড়িত বলে এজাহারে ১নং আসামি করা হয়েছে। এ মামলার আসামি রনিকে গ্রেপ্তার করার পর ইলেক্ট্রনিক মিডিয়াসহ অন্যান্য মিডিয়ায় রনি বলেছে, ‘ওসি রফিকের নির্দেশে এবং তার দেওয়া টাকা নিয়েই মমিনকে আমরা খুন করেছি।’ তার এ বক্তব্য তদন্তকারী প্রতিষ্ঠানসহ হাজারো মানুষ টেলিভিশনে দেখেছে ও সংবাদপত্রে পড়েছে। একটি মহল ওসি রফিককে বাঁচানোর জন্যে রনিকে দিয়ে ১৬৪ ধারার জবানবন্দিতে ওসি রফিকের নাম উল্লেখ করায়নি।
ওসি রফিককে জিজ্ঞাসাবাদের জন্যে বুধবার আদালতে পাঁচ দিন রিমান্ড চাওয়া হলে সে আবেদন অভিযুক্তের উপস্থিতিতে শুনানির জন্যে রোববার দিন ধার্য করা হয়।
