রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
শনিবার থেকে রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, কয়েকদিনের টানা বর্ষণে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের ওয়াখারা-ভাঙ্গুড়া স্টেশনের মধ্যবর্তী স্থানের প্রায় ২০০ ফুট রেলপথ ধসে পড়ায় শনিবার দুপুর থেকে উত্তরবঙ্গ হতে ঢাকাগামী সকল এক্সপ্রেস, আন্তনগর ও লোকাল বা মেইল ট্রেনের যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
এর ফলে বিভিন্ন স্টেশনে হাজার হাজার যাত্রী আটকা পড়েছে।
রোববার সকাল থেকে ধসে যাওয়া রেলপথ মেরামতের জন্য রেলওয়ে প্রকৌশল বিভাগ বস্তা ও পাথর ফেলা শুরু করেছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেরামত কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা হাবিবুল হক বিডিনিউজকে জানান, ধসে যাওয়া রেলপথ মেরামতের কার্যক্রম শুরু হয়েছে। তবে কত সময়ের মধ্যে রেল চলাচল পুনরায় চালু করা সম্ভব হবে সে ব্যাপারে সঠিক করে কিছু জানাতে পারেননি।
