২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের জনগনের সহায়তা চেয়েছে এফপিসিসিআই

ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফপিসিসিআই) ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসতে শনিবার বাংলাদেশের জনগনের প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক ও শিল্পপতি ইকরাম সেহগাল এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের এখনই জরুরী ভিত্তিতে তাবু এবং কম্বল প্রয়োজন। আগামী সপ্তাহের মধ্যে হিমালয়ের পাদদেশের এলাকাগুলোতে শীত জেঁকে বসবে। সুতরাং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গরিব মানুষগুলোকে যদি এখনই পর্যপ্ত খাদ্য, মেডিসিন এবং আশ্রয় প্রদান করা না যায়, তবে তারা অচিরেই ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হবে।

সেহগাল এফপিসিসিআই এর বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসেছেন। তিনি শনিবার প্রোব নিউজ ম্যাগাজিন এর আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’তে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই মানবিক আবেদন জানান। তিনি রোববার এফপিসিসিআই কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। তিনি আরও বলেন, আমি আশা করছি, বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে পাকিস্তানের দুর্গত জনগনের সাহায্যে এগিয়ে আসবে এবং যার যতটুকু সামর্থ, তাই দিয়ে আমাদের সাহায্য করবেন।

তিনি আরও বলেন, আমি দুর্গতদের জন্য সাহায্য চাইছি। জরুরি ভিত্তিতে এখন তাদের দুটি জিনিসের খুবই প্রয়োজন। প্রথমেই দারকার চিকিৎসা সেবা প্রদান এবং এর জন্য প্রয়োজনীয় ঔষধ। ভূমিকম্পে দুর্গত এলাকার সকল সরকারি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে।

সেহগাল জানান, পাকিস্তানে এখন জরুরি ভিত্তিতে পাঁচ লাখ তাবু, পাঁচ মিলিয়ন কম্বল ও চার শত ডাক্তার প্রয়োজন। এবং কাশ্মীর ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের দুর্র্গম পাহাড়ি এলাকায় সাহায্য পৌঁছে দিতে ৩০ থেকে ৪০ টি ভারি-লিফট হেলিকপ্টার দরকার।

তিনি বলেন, এখন বেশি দরকার তাবু ও কম্বল। সাথে সাথে ডাক্তার ও সেনাবাহিনীর চিকিৎসক দলের সাহায্য প্রয়োজন এবং চিকিৎসার জন্য প্রয়োজন ব্যান্ডেজ, গজ এবং ব্যথা নাশক ঔষধ।

হেলিকপ্টার সহায়তা প্রদানে ভারতীয় প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ভারত আমাদেরকে পাইলট সহ হেলিকপ্টার প্রদান করতে চাইছে। কিন্তু আমরা তাদের বলেছি, আমরা তা গ্রহণ করতে পারি, যদি ভারত আমাদেরকে পাইলট ছাড়া শুধু হেলিকপ্টার প্রদান করে। এটি নিয়ে উভয় দেশের মধ্যে এখনও আলোচনা চলছে। তিনি বলেন, যদি বাংলাদেশ আমাদের একই ধরনের সাহায্য প্রদান করে, তবে তা গ্রহণ করতে পাকিস্তানের আপত্তি নেই। সেহগাল উল্লেখ করেন,

ভূমিকম্প, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখনই দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

চলতি বছর ৮ অক্টোবর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও এর আশপাশের এলাকায় এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলে ৫০ হাজার লোক নিহত হয়। এতে আহত হয় ৭৪ হাজার লোক এবং তিন মিলিয়নের বেশি লোক গৃহহীন হয়ে পড়ে। রিকটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক ছয়।

সেহগাল বলেন, পাহাড়ী এলাকার ধ্বংসাবশেষ সরানোর কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সেহগাল জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, এ দুর্ঘটনায় প্রায় পাঁচ বিলিয়ন ডলার সমপরিমান সম্পদ নষ্ট হয়েছে।