বার্ডফ্লু প্রতিরোধে ঢাকা চিড়িয়াখানায় বিশেষ সতর্কতা
বার্ডফ্লু প্রতিরোধে ঢাকা চিড়িয়াখানা বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, চিড়িয়াখানার দুটি লেকে বেড়াতে আসা অতিথি পাখির মাধ্যমে যাতে বার্ডফ্লু ছড়িয়ে না পড়ে, এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লেক দুটির কচুরিপানা পরিস্কার করা হয়েছে। সকল প্রকার পাখিকে দেওয়া হয়েছে টিকা। লেকে যে তিনটি পেলিক্যান পাখি রয়েছে, সে তিনটি যাতে ডাঙ্গায় উঠে না আসতে পারে, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
চিড়িয়াখানার কিউরেটর ডা. মফিজুর রহমান বিডিনিউজকে জানান, বাংলাদেশে যেসব দেশ থেকে অতিথি পাখি আসে, সেসব দেশে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব রয়েছে।
তিনি জানান, চিড়িয়াখানার লেক সংলগ্ন দুটি বাড়িতেও বিশেষ বার্তা পাঠিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
অপর একটি সূত্র জানায়, পশু সম্পদ অধিদপ্তর বার্ড ফ্লু প্রতিরোধে একটি গাইড লাইন তৈরি করেছে। সারা দেশে বার্ড ফ্লু প্রতিরোধের জন্য ইতিমধ্যে বিদেশ থেকে মুরগীর বাচ্চা এবং পশু খাদ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। দেশের যেসব জেলায় অতিথি পাখি আসে, সেসব এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে নিদের্শনা।
এছাড়া একই সময় বিল এলাকায় হাঁস, গরু-মহিষ-ছাগল না চড়ানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
