বছরের প্রায় অর্ধেক সময়ই কুয়াকাটার সাথে সারা দেশের সড়ক যেগোযোগ বিচ্ছিন্ন থাকে
অবিশ্বাস্য হলেও সত্যি যে, জোয়ার-ভাটার পানির উপর নির্ভরশীল হয়ে পড়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে সারা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা।
সমস্যাটি দীর্ঘদিনের পুরানো হলেও তা নিরসনে সড়ক ও জনপদ বিভাগ এখনও পর্যন্ত কোন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
ফলে বছরের প্রায় অর্ধেক সময়ই কুয়াকাটার সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকে।
এ সময় পটুয়াখালী জেলার কলাপাড়া-কুয়াকাটা সড়কের কলাপাড়া, আলীপুর এবং মহিপুরের তিনটি ফেরিঘাটের পল্টুন জোয়ারের পানিতে ডুবে যায়। ফলে ফেরিঘাটের দুই পাশে ঘন্টার পর ঘন্টা বিপুল সংখ্যক পর্যটক গাড়ী, মাইক্রোবাসসহ অসংখ্য যানবাহন আটকে থাকে।
অমাবস্যা এবং পূর্ণিমার সময় জোয়ারের প্রভাবে প্রতিদিন দুই দফায় প্রায় আট ঘন্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকে।
এ সমস্যার কারণে সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকদের ভিড় দিন দিন হ্রাস পাচ্ছে।
জোট সরকার ক্ষমতা গ্রহণের আগে প্রধানমন্ত্রী খালেদা জিয়া দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচারণার সময় বরিশাল-কুয়াকাটা সড়ক নির্মান এবং কলাপাড়া, মহিপুর এবং আলীপুরে ব্রিজ নির্মানের প্রতিশ্রুতি দিলেও অদ্যাবধি তা বাস্তবায়িত হয়নি।
