২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে নিহতদের লাশ দাফন ও দাহ সম্পন্ন, শনিবার ব্যবসায়ীরা কালো পতাকা উত্তোলন করবে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে নিহতদের লাশের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার গভীর রাতে আলাউদ্দিনকে, শুক্রবার রাতে রুবেল ও ফিরোজকে দাফন এবং বিধান ও বাবুল ভৌমিককে দাহ করা হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এদিকে কোম্পানীগঞ্জের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে, ডাকাতি ও পাঁচজনকে হত্যার প্রতিবাদে শনিবার প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে তারা কালো পতাকা উত্তোলন করবে।

বর্তমানে বিডিআর, আর্মড পুলিশ ও স্পেশাল আর্মড ফোর্স কোম্পানীগঞ্জে টহল দিচ্ছে। পুলিশ বাদী হয়ে কোম্পানীগ্ঞ্জ থানায় পুলিশকে আঘাত ও হত্যার ঘটনায় দুটি এবং জুয়েলারী মালিক তাজউদ্দিন শাহীন বাদী হয়ে ডাকাতির ঘটনায় একটি মামলা দায়ের করেন। পৃথক তিনটি মামলায় অজ্ঞাত ছয় হাজার লোককে বিবাদী করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ মেজবাহুন্নবী ব্যবসায়ীদের সাথে বৈঠকে দোষী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত রাখার অনুরোধ করেন।

এদিকে শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধদের সাথে দেখা করেন। পরে তার কোম্পানীগঞ্জস্থ বাসভবনে এক সংবাদ সম্মেলনে থানার ৫০ গজের মধ্যে ডাকাতির ঘটনায় পুলিশী ভূমিকার প্রতিবাদ করায় নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকান্ডকে মধ্যযুগীয় বর্বরতা বলে উল্লেখ করেন।

ডাকাতদের হাতে অপহৃত বাজার কমিউনিটি পুলিশ নুর ইসলাম (৩৫) জীবন নিয়ে ফিরে এসেছে। ডাকাতরা তাকে কুমিল্লার চান্দিনায় রাস্তার পাশে মিনিবাস থেকে ফেলে দিলে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

এদিকে জুয়েলারী দোকানের মালিক তাজউদ্দিন শাহীন সাংবাদিকদের বলেন , ডাকাতির ঘটনায় কোম্পানীগঞ্জের ওসি আইয়োব ও এসআই সুধাংশু’র প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। তারা ডাকাতদের পালিয়ে যেতে সাহায্য করেছে।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু বলেন, ডাকাতির সময়ে নিষ্ক্রিয় থাকলেও সকালে ফোন করে ওসি আইয়োব ডাকাতির মালামাল কিছুটা ‘রিকভার’ করার কথা বলে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা প্রমাণ করে। অন্যদিকে সাধারণ ব্যবসায়ীরা বসুরহাট বাজারে আরো দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ওসির রহস্যজনক ভূমিকার কথা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর আলম ডাকাতির পরবর্তী দুঃখজনক ঘটনার জন্য ওসির একক হটকারী সিদ্ধান্তকে দায়ী করেন।

বুধবার দিবাগত রাত ৩ টায় কোম্পানীগঞ্জের একটি জুয়েলারী দোকানে ডাকাতি হয়। এর প্রতিবাদে ব্যবসায়ীরা বৃহস্পতিবার অর্ধ দিবস ধর্মঘট আহ্বান করে। কর্মসূচি চলাকালে ব্যবসায়ী ও জনতা থানা ঘেরাও করলে পুলিশ গুলি ছোড়ে। এতে পাঁচজন নিহত ও শতাধিক আহত হয়।