নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড় থেকে অস্ত্র উদ্ধার
বান্দরবানের সীমান্তবর্তীর নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড় থেকে আবারও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকারে বিডিআর সদস্যরা মাটি খুঁড়ে দুইটি থ্রি নট থ্রি রাইফেল, ২৫০০ রাউন্ড গুলি এবং একে ৪৭ রাইফেলের ৪০টি ম্যাগজিন উদ্ধার করেছে।
বিডিআর সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে লে. কর্ণেল আব্দুল আউয়াল, লে. মাহাবুব ও হাবিলদার দীন মোহাম্মদের নেতৃত্বে বিডিআর সদস্যদের তিনটি দল টানা ১১ ঘণ্টা অভিযান শেষে হরিনঝিড়ি পাহাড়ে মাটি খুঁেড় এ অস্ত্র উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামও রয়েছে। তারা আশা করছে, এ এলাকা থেকে আরও অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। তবে এ অভিযান থেকে কোন সন্ত্রাসীকে আটক করা যায়নি।
নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় থেকে এর আগে কয়েক দফায় ২০টি একে ৪৭ রাইফেল, ৮টি এসএমজি, চারটি এলএমজি, ৩২টি অত্যাধুনিক পিস্তল এবং ২০ হাজার রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি উদ্ধার করা হয়। বিডিআর সদস্যরা এখনও এলাকাটি ঘিরে রেখেছে।
