২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথকীকরণে সরকারের সময় বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান হওয়ায় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়ে গেছে : ড. কামাল হোসেন

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন শুক্রবার বলেছেন, সুপ্রিম কোর্ট বিচার বিভাগ পৃথকীকরণের জন্য সরকারের সময় বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করায় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়ে গেছে। এখন উচ্চ আদালতের উচিত কোন প্রকার কালক্ষেপন না করে নিম্ন আদালতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 05:23 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

তিনি জানান, সরকার বিচার বিভাগ পৃথকীকরণে সুপ্রিম কোর্টের নির্দেশে বাস্তবায়ন না করায় নিম্ন আদালতে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে এবং আইনের শাসন কাঠামো ভেঙ্গে পড়েছে।

ড. কামাল শুক্রবার বিডিনিউজকে বলেন, সরকার আচরণ দেখে মনে হয় তারা উট পাখির মত অন্ধ ও বধির হয়ে আছে। ২২ দফা সময় বাড়ানো পরও সরকার সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের প্রক্রিয়া বাস্তবায়ন করতে সক্ষম হয়নি।

তিনি আর বলেন, সরকার তো নিজেই স্বীকার করেছেন যে, তারা সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, এখন সরকার নিম্ন আদালতের ওপর আর কোন হস্তক্ষেপ করতে পারবে না, কিন্তু যদি কোন ব্যক্তি তা করে তবে সেটা হবে আদালত অবমাননার সামিল। সুপ্রিম কোর্টসহ আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যাতে করে কেউ যে নিম্ন আদালতের ওপর কোন ধরণের হস্তক্ষেপ করতে না পারে।

দেশের শীর্ষস্থানীয় আইনজীবী আরও জানান, উচ্চ আদালতের রায় বিকৃত করায় আপিল বিভাগ নিজেই নয় আমলার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন।

তিনি বলেন, নিম্ন আদলতের কার্যক্রমের ওপর সরকার হস্তক্ষেপ করায় বেশ কয়েকটি অপরাধ সংগঠিত হয়েছে। সরকার যদি নিম্ন আদালতের কার্যক্রমের ওপর আবারও হস্তক্ষেপ করে তবে যে কেউ উচ্চ আদালতে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে।

সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি বাস্তবায়নের জন্য আরও চার মাস সময় চেয়ে সরকার আবেদন করলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তা প্রত্যাখ্যান করে।

সুপ্রিম কোট আদালত অবমাননার অভিযোগ থেকে নয়জন আমলাকে অব্যাহতি দানের আবেদনও প্রত্যাখ্যান করে ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত মামলার শুনানি ধার্য করেছে।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ সংক্রান্ত মামলার রায় বিকৃত করার দায়ে সুপ্রিম কোর্ট নয় আমলার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে।