ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনৈতিকভাবে ৬ ভাগে বিভক্ত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনৈতিকভাবে ছয়ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। খোদ জাতীয়তাবাদীরাই বর্তমানে তিন ভাগে বিভক্ত। এছাড়া রয়েছে জামায়াত, আওয়ামী লীগ ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন।
এদিকে শিক্ষকরা রাজনীতিতে বেশি সময় ব্যয় করায় দারুণভাবে ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম।
জানা যায়, বিভিন্ন সময় ক্ষমতার ভাগাভাগি ও অন্তঃকোন্দলের কারণে ইবি’র শিক্ষকরা ছয় ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
বর্তমান সরকার সমর্থিত শিক্ষকদের রয়েছে নব্য গঠিত ‘সাদা দল’ সহ চারটি সংগঠন। এর মধ্যে রয়েছে জামায়াত সমর্থিত গ্রীন ফোরাম, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী জিয়া পরিষদ এবং জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ।
জানা যায়, ইতিপূর্বে এখানে জাতীয়তাবাদী জিয়া পরিষদ ছিল একমাত্র জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন। ক্ষমতার ভাগাভাগি এবং অন্তঃকোন্দলের কারণে ২০০০ সালে জিয়া পরিষদ ভেঙ্গে ‘জাতীয়তাবাদী পেশাজীবী’ পরিষদ গঠিত হয়। কিন্তু পেশাজীবী পরিষদের নেতাদের মাঝে জিইয়ে থাকা অন্তঃকোন্দলের বহিঃপ্রকাশ ঘটে গত ২ অক্টোবর। দলের প্রাক্তন একজন সাধারণ সম্পাদক বর্তমান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একেএম মতিনুর রহমান কর্তৃক ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দল’ নামে নতুন একটি দল গঠনের মাধ্যমে।
প্রফেসর ড. আব্দুল ওদুদকে (আল কোরআন বিভাগ) আহ্বায়ক এবং একেএম মতিনুর রহমানকে সহ-আহবায়ক করে গঠন করা হয়েছে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। ইতিমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া অন্তঃকোন্দলের আরও বহিঃপ্রকাশ ঘটেছে গত ৭ অক্টোবর একেএম মতিন এবং জাতীয়তবাদী পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ড. রইচ উদ্দিন এর মাঝে হাতহাতির ঘটনায়। যা ক্যাম্পাসে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’ এবং আওয়ামী পন্থি ‘বঙ্গবন্ধু পরিষদ’। সংগঠন দুইটি পুরোদমে ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
জামায়াতপন্থি শিক্ষক সংগঠন ‘গ্রীন ফোরাম’ও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
