বগুড়ায় বাংলা ভাইয়ের ব্যাংক একাউন্ট নিয়ে তদন্ত শুরু হচ্ছে
বগুড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) ও জাগ্রত মুসলিম জনতা (জেএমজেবি) সাথে সম্পর্কিত ব্যাংক একাউন্ট নিয়ে তদন্তে নামছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
আল-আরাফা ইসলামী ব্যাংকের বগুড়া শাখার ওই একাউন্টটি জেএমজেবি’র প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আওয়াল এবং গাইবান্ধার সাঘাটার সফিকুল ইসলাম যৌথ স্বাক্ষরে পরিচালনা করতো।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, একাউন্ট পর্যালোচনার পরই এটি জব্দ করে লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, আল-আরাফা ইসলামী ব্যাংক বগুড়া শাখায় ২০০৩ এর ফেব্রুয়ারি মাসে একাউন্টটি খোলা হয়।
একাউন্ট খোলার সময় বাংলা ভাইয়ের ঠিকানা ব্যবহার করা হয়েছে বগুড়ার গাবতলী উপজেলার কর্নিপাড়া, আব্দুল আওয়ালের ঠিকানা ব্যবহার করা হয়েছে নাটোরের সিংড়া এবং সফিকুলের ঠিকানা ব্যবহার করা হয়েছে গাইবান্ধার সাঘাটা উপজেলা।
সূত্র আরো জানায়, এপ্রিল মাসে ব্যাংকের নতুন ব্যবস্থাপক দায়িত্ব নেয়ার পর ব্যাংকের সকল একাউন্ট পর্যালোচনা করতে গিয়ে বাংলা ভাইয়ের ছবি দেখে একাউন্টটি চিহ্নিত করেন। এরপর ২৬ এপ্রিল একাউন্টটি জব্দ করে লেনদেন বন্ধ করে দেওয়া হয়।
পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। একাউন্ট বন্ধের আগে সর্বশেষ ওই একাউন্ট থেকে মাত্র এক হাজার ছয়শ’ টাকা ওঠানো হয়েছে। ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, ওই একাউন্টে সর্বমোট একলক্ষ সত্তর হাজার টাকা জমা ছিল। কার সুপারিশে একাউন্টটি খোলা হয়, এ ব্যাপারে সাংবাদিকদের জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
অপর এক সূত্রে জানা গেছে, তিন জনের ব্যক্তিগত নামে ব্যাংক একাউন্ট খোলা হলেও তাদের সংগঠনের কার্যক্রম পরিচালনায় এটি ব্যবহার করা হত। দেশী-বিদেশী চাঁদা, অনুদান ওই একাউন্টে জমা হত।
বর্তমানে আল-আরাফা ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই একাউন্টের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে। ব্যাংক ইতোমধ্যেই এ বিষয়ে তদন্ত শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক, পুলিশ এবং গোয়েন্দারাও এ বিষয়ে তদন্তের প্রক্রিয়া শুরু করেছে।
