২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার প্রতারণা মামলায় ড. ইকবালের ৩ মাসের আগাম জামিন

শেয়ার প্রতারণা মামলায় হাইকোর্ট বুধবার প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ড. এইচবিএম ইকবালকে তিন মাসের আগাম জামিন দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ড. ইকবালের দায়ের করা একটি জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রিমিয়ার ব্যাংকের অপসারিত পরিচালক মিজানুর রহমান গত ৩ অক্টোবর বিপুল পরিমান ভুয়া বিও হিসাব খোলার মাধ্যমে শেয়ার প্রতারণা করার অভিযোগে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এইচবিএম ইকবালের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

ড. ইকবাল বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সৈয়দ আহমেদ রাজা।