২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

একটি টেক্সটাইল মিলের উত্তেজিত শ্রমিকরা কাঁচপুরের ব্যস্ততম সড়কে ব্যারিকেড দেওয়ায় বুধবার সকাল থেকে রাজধানীর সাথে চট্টগ্রাম ও সিলেটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 11:16 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে পাওয়া খবর থেকে জানা যায়, পরিচয়পত্র নিয়ে শ্রমিকদের সাথে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষের পর শ্রমিকরা রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। এর পর শত শত বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে মহাসড়কে দাঁড়িয়ে রয়েছে।

নিরাপত্তা কর্মীরা দুই শ্রমিককে আটক রেখে নির্যাতন করলে তারা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর পরই শ্রমিক-নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে টেক্সটাইল ফ্যাক্টরির কমপক্ষে ৫০জন শ্রমিক ও নিরাপত্তা কর্মী আহত হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার পরিবার টেক্সটাইল ফ্যাক্টরিটির মালিক বলে জানা গেছে।

পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ক্ষুব্ধ শ্রমিকরা ফ্যাক্টরির ভিতর ব্যাপক ভাংচুর চালিয়েছে। পরবর্তীকালে তারা ফ্যাক্টরির সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে।