নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে জেলা প্রশাসন কর্তৃপক্ষ যশোরে তিন ডিলারের ডিলারশিপ বাতিল করেছে।
মঙ্গলবার বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি ভিজিলেন্স টিম গ্যাসের শোরুমগুলোতে অভিযান চালায়। যাদের ডিলারশিপ বাতিল করা হয়েছে, তারা হচ্ছে মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ, ইয়ং ট্রেড ও রিফাত এন্টারপ্রাইজ। একই সঙ্গে মাসুদ এন্টারপ্রাইজের মালিককে আটক করা হয়েছে।
গত কয়েকদিন ধরে যশোরে ৭০৫ থেকে ৭১০ টাকা দরে এলপি গ্যাস বিক্রি হচ্ছে। এ অবস্থায় রোববার জেলা প্রশাসন ডিলারদের সাথে বৈঠকে বসে গ্যাসের মূল্য সিলিন্ডার প্রতি ৬৮০ টাকা নির্ধারণ করে এবং এ সিদ্ধান্ত ডিলাররা মেনে নেয়। কিন্তু মঙ্গলবার বিকেলে অভিযানকালে দেখা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে।
