গাজীপুর, কুমিল্লা ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত অর্ধ শতাধিক
গাজীপুর, কুমিল্লা ও সিরাজগঞ্জে সোমবার সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে।
গাজীপুর সদরের চান্দিনা চৌরাস্তায় সোমবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় অজ্ঞাত এক যুবক প্রাণ হারায়। পুলিশ ট্রাক (ট-৭২৬১) এবং ট্রাক চালককে আটক করেছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ মহাসড়কের পাঁচিলা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি কোচকে একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়। পুলিশ ট্রাক চালককে আটক করেছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-কুমিল্লা মহাসড়কের বসন্তপুরে রোববার রাতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছে।
নিহতের নাম তাজুল ইসলাম ওরফে মুন্সি মিয়া (৪০)। সে ড্রিম লাইন পরিবহনের চালক। তার বাড়ি ফেনীর দাগনভুঞায়।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী ড্রিমলাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ভিআইপি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটলে হতাহতের এ ঘটনা ঘটে।
আহতদের কুমিল্লা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে সাইফুল ইসলাম (৫০), মোহাম্মদ জহির (২৫), মোহাম্মদ সিরাজউদ্দিন (৩০), নুরুল আমিন (৫০), জাকির হোসেন (৫০), লিটন (২৬), সোহেল (২৬), গোলাম কিবরিয়া (৪৩) ও সিরাজ উদ্দিন (৩৪)-এর অবস্থা আশংকাজনক।
তারা সকলেই কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
