চট্টগ্রামে ছিনতাইয়ের অপরাধে ২ পুলিশ ও ২ আনসার সদস্যের ৩ বছরের সশ্রমকারাদণ্ড
চট্টগ্রামে ছিনতাইয়ের অপরাধে দুই পুলিশসহ আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার সদস্যের প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মহানগর ম্যাজিস্ট্রেট আকরাম হোসেন এএসআই বশির আহমেদ, কনস্টেবল মোহাম্মদ আলাউদ্দীন এবং আনসার সদস্য আবদুস সাত্তার ও নুরুল ইসলামকে সোমবার এই দণ্ড দেন।
টহল ডিউটিতে থাকা অবস্থায় ৩ আগস্ট পাঁচলাইশ থানার এই পুলিশ ও আনসার সদস্যরা পাঁচলাইশের ডায়মন্ড কমিউনিটি সেন্টারের সামনে থেকে ব্যবসায়ী আবদুর রাকীবের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ব্যবসায়ী আবদুর রাকীব ৭ আগস্ট পাঁচলাইশ থানায় দুই পুলিশ ও দুই আনসার সদস্যের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দায়ের করেন।
একই দিন পুলিশ এই চার জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
মোট দশজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করা হয়।
