হরকাতুল জিহাদের কার্যক্রম নিষিদ্ধ
সরকার সোমবার হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। ১৭ বছর আগে ইসলামী এ সংগঠনটি আত্মপ্রকাশ করে এবং প্রায় দু’দশক ধরে সংগঠনটি জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছে।
মুফতি হান্নান পরিচালিত জঙ্গি এ সংগঠনটি ২০০০ সালে গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে জানানো হয়, বাংলাদেশ সরকার তার সন্ত্রাসবিরোধী অবস্থান থেকেই এর আগে বেশ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে।
সরকারি ঘোষণায় আরও বলা হয়, হরকাতুল জিহাদ আল ইসলামী একটি আত্মস্বীকৃত সন্ত্রাসবাদী সংগঠন। এর কর্মকাণ্ড অত্যন্ত স্পর্শকাতর এবং সংগঠনটি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত।
বর্তমানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সরকার হরকাতুল জিহাদ আল ইসলামী সংগঠনটির সকল কার্যক্রসহ নিষিদ্ধ ঘোষণা করছে বলে ওই প্রেসনোটে উল্লেখ করা হয়।
এর আগে গত ফেব্রুয়ারিতে সরকার জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও বাংলা ভাইয়ের জাগ্রত মুসলিম জনতার (জেএমজেবি) কার্যক্রম নিষিদ্ধ করে। ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলায় এ সংগঠন দু’টিকে দায়ী করা হচ্ছে।
২০০২ সালের ফেব্রুয়ারিতে অপর একটি ইসলামী সংগঠন শাহাদাৎ আল হিকমার কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ডাটাবেজ সংগঠন (এমআইপিটি) টেরোরিজম নলেজ বেজ (টিকেবি)’এর তথ্য অনুযায়ী হরকাতুল জিহাদ আল ইসলামী ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু ২০০০ সাল পর্যন্ত তারা কোনও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না।
সংগঠনটি বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চায়। হরকাতুল জিহাদ আল ইসলামী-বাংলাদেশ (হুজি-বি) হরকাতুল জিহাদ-ই-ইসলামী ও হরকাতুল মুজাহিদীনের সাথে সম্পৃক্ত।
আরও জানা যায়, তারা ওসামা বিন লাদেন নেটওয়ার্কের কাছ থেকেও অর্থ সাহায্য পেয়ে থাকে।
এ সংগঠনের কয়েকজন সদস্য একবার কবি শামসুর রাহমানকে হত্যার চেষ্টা করে।
জনৈক শওকত ওসমান হুজি-বি'র প্রধান এবং ইমতিয়াজ কুদ্দুছ সংগঠনটির সাধারণ সম্পাদক। হুজি-বি বাংলাদেশে কমপক্ষে ছয়টি প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করে থাকে। তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় বলে টিকেবি ডাটাবেজ থেকে জানা গেছে।
হরকাতুল জিহাদ-ই-ইসলামী ও হরকাতুল মুজাহিদীন এবং জামাতে ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নাম এর সহযোগী হিসেবে টিকেবির ওয়েরসাইটে রয়েছে।
টিকেবি বিশ্বের বিভিন্ন স্থানের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাসবাদ বিষয়ক বিভিন্ন বিষয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে। তারা সন্ত্রাসী সংগঠনের নেতাদের সম্পর্কেও বিভিন্ন বিশ্লেষণ করে।
হুজি-বি’র মূল সংগঠন পাকিস্তানভিত্তিক হরকাতুল জিহাদ আল ইসলামী ১৯৮০ সালে যাত্রা শুরু করে। সে সময় তারা আফগানিস্তানে সোভিয়েত সেনাদের সাথে যুদ্ধ করে।
গত দু’দশকে সংগঠনটির বহু পরিবর্তন এসেছে। সেময়ের মধ্যে তারা জম্মু ও কাশ্মিরসহ ভারত ও বাংলাদেশের বিভিন্ন অংশে শাখা বিস্তার করেছে।
